সংকটে সোনাগাজীর বাঁশ ও বেতশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীর বাঁশ ও বেতের সামগ্রী একসময় আশপাশের কয়েকটি জেলার মানুষের চাহিদা মেটাত। পাইকারেরা বাড়ি বাড়ি ঘুরে কারিগরদের কাছ থেকে কিনে নিতেন শীতলপাটি, কুলা, ডালা, খাঁচা, মোড়াসহ নানা সামগ্রী। বর্তমানে এই শিল্পের সেই সোনালি দিন নেই। কাঁচামালসংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে কারিগরদের অনেকেই পেশা ছেড়েছেন। প্লাস্টিকের পণ্য বাজারে আসায় অসম প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে এই শিল্পকে। সহায়তা না পেলে শিল্পটি হারিয়ে যাবে বলে মনে করছেন এই পেশার সঙ্গে যুক্ত লোকজন। সাতবাড়িয়া গ্রামের কারিগর কোরবান আলী বলেন, ‘একসময় এই গ্রামের বহু মানুষ বাঁশ ও বেতের সরঞ্জাম তৈরি করত, কিন্তু এখন অনেকেই ছেড়ে দিয়েছে।’ সোনাগাজীর বাঁশ ও বেতের সামগ্রী মিরসরাই, কোম্পানীগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া ও কুমিল্লায় সরবরাহ করা হতো। বর্তমানে পুঁজির অভাবে উৎপাদন বাড়াতে পারছেন না বলে জানান কারিগরেরা।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ও ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ঋণসহায়তা দেওয়া হলেও তা জানেন না অধিকাংশ কারিগর। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের পরিচালক মোছলেহ উদ্দিন জানান, এ পেশায় জড়িতদের জন্য ক্ষুদ্র ও মাঝারি ঋণের ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির রায়হান জানান, ইতিপূর্বে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষুদ্রঋণদাতা সংস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে এই শিল্পের সঙ্গে জড়িতদের ঋণদানের আহ্বান জানান তিনি। উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রথম আলোকে জানান, বাঁশ-বেতশিল্পের পাশাপাশি সোনাগাজীর শীতলপাটির সুনাম রয়েছে সারা দেশে। উপজেলা পরিষদের পক্ষ থেকে এ পেশায় জড়িতদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।