সংকটের ভেতর-বাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাত শান্তির আড়ালে এক দশক আগেও আইভরি কোস্টকে পশ্চিম আফ্রিকায় শান্তি ও সমৃদ্ধির ছোঁয়ায় ধন্য এক দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এর অন্তরালে দেশটি বরাবরই ছিল জাতিগত, ধর্মীয় ও অর্থনৈতিক বিভক্তির শিকার। সমৃদ্ধ কোকোয়া শিল্পের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় আইভরি কোস্টে জীবনযাত্রার মান ছিল অনেক উঁচু। তাই মালি ও বুরকিনা ফাসোর মতো অতিদরিদ্র দেশের মানুষ জীবিকার জন্য আইভরি কোস্টে পাড়ি জমাত। এই অভিবাসীদের অনেকের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে বসবাসকারী মানুষদের জাতিগত মিল ছিল। উভয়েই ছিল প্রধানত মুসলিম। তবে আইভরি কোস্টের দক্ষিণাঞ্চলের মানুষেরা একসময় উত্তরের অভিবাসীদের ওপর খেপে ওঠে। বক্তৃতাবাজ রাজনীতিকেরা তাঁদের অসন্তোষে ধোঁয়া দেন। দক্ষিণিরা দাবি করে, আইভরি কোস্টের জাতীয় খাঁটিত্ব রক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, উত্তরাঞ্চলের মানুষেরা প্রকৃত আইভরিয়ান নয়।দেশ যে কারণে বিভক্ত ক্রমে উত্তরাঞ্চলের লোকেরা অভিযোগ করতে থাকে তারা বৈষম্যের শিকার। উদাহরণস্বরূপ বলা যায়, এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে আলাসেন ওয়েতাহাকে প্রার্থী হতে দেওয়া হয়নি। কারণ হিসেবে বলা হয়, ওয়েতাহার বাবা-মা বুরকিনা ফাসো থেকে এ দেশে এসেছিলেন। ধর্মে মুসলিম ওয়েতাহা অবশ্য ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। উত্তরাঞ্চলের অনেকে অভিযোগ করেছে, তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। ভোটার তালিকায়ও নাম তোলা হচ্ছে না।২০০২ সালে উত্তরাঞ্চলের কিছু সেনা বিদ্রোহ করে আবিদজানের দিকে এগিয়ে যায়। ওই সেনারা গোটা দেশ দখল করে বসেছিল প্রায়। তবে ফরাসি সেনারা তাদের রুখে দেয়। সেই থেকে আইভরি কোস্ট উত্তর ও দক্ষিণ এ দুই ভাগে বিভক্ত। উত্তরের যে ভোট নিয়ে গোলমালএটাই আসল প্রশ্ন। দুই পক্ষের সমঝোতার পর সর্বশেষ নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা হয়। ‘অবহেলিত’ উত্তরের অনেক অধিবাসী ভোটার হয়। তারা মূলত ওয়েতাহাকেই ভোট দিয়েছে। এদিকে বাগবোর সমর্থকেরা অভিযোগ তোলে, ‘নিউ ফোর্সেস’ বিদ্রোহীরা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এমন এলাকায় ওয়েতাহার পক্ষে ভোট-কারচুপিতে সহায়তা করেছে। সাংবিধানিক পরিষদ (যার প্রধান বাগবোর একজন মিত্র) একমত হয়ে উত্তরাঞ্চলের ভোট বাতিল করে। এতে বাগবো অল্প কিছু ভোটে বিজয়ী হন। তবে জাতিসংঘের পর্যবেক্ষকেরা বলেছেন, উত্তরাঞ্চল ও বাগবোর নিজ এলাকা পশ্চিমে কিছু সহিংসতা হলেও মোটের ওপর নির্বাচন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এরপর জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন ওয়েতাহাকে বিজয়ী বলে স্বীকৃতি দেয়।