
গত বছর জঙ্গি হানায় দেশ ছিল সন্ত্রস্ত। তবে সেই কৃষ্ণপক্ষ কেটে গেছে বললেই চলে। নগরের সাংস্কৃতিক অঙ্গনেও নতুন ঢেউ লেগেছে। শিল্পকলা ও টিআইসিতে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে কোনো না কোনো সাংস্কৃতিক আসর। নাটক, গান, কবিতা, চলচ্চিত্রের আসর ও বইমেলা হচ্ছে একের পর এক। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো সম্মিলিত আবৃত্তি জোটের তিন দিনের আবৃত্তি উৎসব।
৯ থেকে ১১ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চ ছিল কবিতা আর কবিতাবিষয়ক নানা আলোচনার দখলে। তিন দিনের আয়োজনে দর্শকেরা উপভোগ করেছে স্বরচিত কবিতাপাঠ, শ্রুতি প্রযোজনা, বৃন্দ আবৃত্তি, দ্বৈত ও একক আবৃত্তি, কবিতা পাঠ ও কথামালা।
‘সংকটে-সম্ভবে, কবিতাই অনুভবে’ শিরোনামে সম্মিলিত আবৃত্তি জোটের এই উৎসবের উদ্বোধন হয় ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায়। শুরুতেই যেন অন্তরকে শুদ্ধ করার তাগিদ দিলেন আবৃত্তি শিল্পীরা। সমবেত কণ্ঠে পাঠ করলেন ‘অন্তর মম বিকশিত করো’। বাঙালির উৎসবের অন্যতম অনুষঙ্গ ঢোলও ছিল আয়োজনে। আর ঢোল বাদনের তালে তালে উৎসবের পর্দা উঠল আনুষ্ঠানিকভাবে।
আসরের প্রথম দিন একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি শুনিয়েছেন আবৃত্তিশিল্পীরা। কবিতার বিষয় স্বাধীনতার চেতনা, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার। তবে ছকবাঁধা কণ্ঠশীলনের কসরতই চোখে পড়েছে বেশি। কবিতার নামে এত কিছু হলেও কেবল আবৃত্তিযোগ্য কবিতাই প্রাধান্য পেল। অবশ্য ভালো লেগেছে স্বরচিত কবিতাপাঠ। এদিন কবিতা পড়লেন কামরুল হাসান বাদল, মনিরুল মনির, আলী প্রয়াস, জয়ন্ত জিল্লু, আজিজ কাজল, শেখর দেব ও স্বরূপ সুপান্থ।
উৎসবের দ্বিতীয় দিন ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ছিল আবৃত্তি কর্মী ও শিল্পী সম্মিলন। ছিল আবৃত্তিবিষয়ক উন্মুক্ত আলোচনাও। বিকেল সাড়ে চারটায় আতাউর রহমান খান কায়সার স্মরণে অনুষ্ঠিত হয় কথামালা ও আবৃত্তি।
বিকেলে আসরের মূল পর্বে প্রথম দিনের মতোই ছিল একক, দ্বৈত আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি। এ ছাড়া এদিন স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফাউজুল কবির, এজাজ ইউসুফী, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ, ইউসুফ মুহাম্মদ, ভাগ্যধন বড়ুয়া, শাহীদ হাসান ও মঞ্জুর আহমেদ।
উৎসবের শেষ দিন ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় ছিল কবিতাবিষয়ক আলোচনা। এ দিনই প্রথম ও দ্বিতীয় দিনের ধারাবাহিকতা মেনে অনুষ্ঠিত হয় একক দ্বৈত ও বৃন্দ আবৃত্তি। তবে আসরে দর্শকদের মুগ্ধ করে উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার আবৃত্তি। এই দিন স্বরচিত কবিতা পাঠ করেন আশীষ সেন, সাথী দাশ, সেলিনা শেলী, আকতার হোসাইন, মানজুর মুহাম্মদ, নাজিমুদ্দীন শ্যামল, মোহাম্মদ জোবায়ের ও রিমঝিম আহমেদ।