সংকোচ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগের কথা। ঈদের আর দুই দিন বাকি। বাসার সবার জন্য কেনাকাটা করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের বাজারসদাই। ঈদের দিন কি কি খাবার রান্না হবে তা নিয়ে শেষ সময়ের আলোচনা। কার কি পছন্দ, বিশেষ কি রান্না করা যেতে পারে, সালাদ আইটেম কি হতে পারে, বাসায় কখন আত্মীয়রা আসবে- এই সব। কিন্তু আমার মনের মধ্যে চলছিল অন্য চিন্তা। এই যে শুধু নিজের জন্য কেনাকাটা, রান্না এটা তো আমি চাই না। আমার যা কিছু আয়োজন সেখানে কিছু না কিছু ভাগ অন্যদেরও আছে। কীভাবে আমি এই ভাগটা পৌঁছাতে পারি? নিজের হাতে ছোট কিছু একটা করতে চাই, যাতে আমি আনন্দ পাব। রাস্তায় হাঁটছি আর ভাবছি কি করা যায়।


হঠাৎ একটা উপায় পেলাম। কিছুটা আশ্বস্ত হতে পারলাম নিজেই কিছু করতে পারব ভেবে। আমার মায়ের হাতে অল্প কিছু টাকা দিয়ে বললাম ছোট ছেলেমেয়েদের জন্য কাপড় কিনতে। কাপড় কেনার পর দেখলাম একটু দামি হয়ে যাওয়াতে কম কাপড় কেনা গেছে। আম্মা আবার গেল কিছুটা কম দামে ছেলে মেয়েদের জন্য কাপড় কিনতে। এতে কাপড়ের মান মাঝারি হলেও বেশি সংখ্যক বাচ্চাদের হাতে দেওয়া যাবে। এভাবে বেশ কিছু কাপড় পাওয়া গেল। দোকান থেকে সেমাই এর প্যাকেটও কিছু নিলাম। এবার এগুলো নিয়ে বের হওয়ার পালা।

লোকের সামনে এগুলো দিতে আমার সংকোচ লাগে। আবার এত ভিড় হয়ে যায় যে পালিয়ে আসা লাগে। তাই রাতের আঁধারে দেব বলে ভাবছি। এতে একটা গাড়ি হলে ভালো হয়। বন্ধু ফরহাদ গাড়িরও ব্যবস্থা করে দিল। লিমা, ফারুক, লোপাসহ পরিবারের ৩/৪ জনকে নিয়ে রাতে বের হলাম কাপড় নিয়ে। ঢাকার রাস্তায় ঘুরছি আর দেখছি। যেখানে দেওয়ার মতো কাউকে পাচ্ছি, সঙ্গে সঙ্গে তার মাপের একটা কাপড় দিয়ে দিচ্ছি। কাপড় দেওয়া হচ্ছে দেখা মাত্র কোত্থেকে যেন ভিড় জমে গেল। তাই সেখান থেকে আবার সরে আসি। এমনকি কাপড়ের জন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়েও বাচ্চারা দৌড়ায়। সবাইকে দিতে না পারায় যেমন খারাপ লাগে, তেমনি তাদের নিরাপত্তা নিয়েও ভাবি। আবার এই অভাবী মানুষগুলোও সবাই যে খুব ভালো তা না। নানা ফন্দি ফিকির করে বিরক্তও করে।

এভাবে নিজেদের হাতে হাতে কিছু কাপড় আর সেমাই দিয়ে এলাম ঢাকার রাজপথে থাকা ছিন্নমূল শিশুদের। জানি, তাদের চেয়েও আরও প্রান্তিক মানুষ আছে যারা ঢাকায় আসারও সুযোগ পায় না। হয়তো গলি ঘুপচির ভেতরে নীরবে কেঁদে যাচ্ছে এমন মানুষও আছে। সবার কাছে তো আর পৌঁছাতে পারব না। আমার সাধ্যের মধ্যে যতটুকু করতে পারি তাই ভাবি। নিজের হাতে কিছু করারও তো আনন্দ আছে। এই যেমন এক মা বলছিল, সে নাকি সারা দিন তাঁর বাচ্চার জন্য দোয়া করছিল যেন কাপড় একটা পায়। আল্লাহ তাঁর কথা শুনছে।

আমি আমার দান বা সেবার কথা কাছের মানুষদের সুযোগ পেলেই বলি। নিজের গর্ব বা নাম প্রচারের জন্য না, অন্যরাও যেন কিছু করার উৎসাহ পায় বা আরও ভালো কোনো আইডিয়া দিতে পারে এ জন্য। আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই বাড়ে। আসুন ঈদকে উপভোগ করি এমন আনন্দ নিয়ে।