সংক্রমণের শিকার প্রসূতি ওনবজাতকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রসূতিসেবা এখনো মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালনির্ভর। নগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন এই হাসপাতালে ছুটে আসছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের প্রসূতিরা। অত্যধিক রোগীর চাপ, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা কারণে প্রসূতি ও নবজাতকেরা নতুন করে সংক্রমণের শিকার হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

 খোঁজ নিয়ে জানা গেছে, চমেক হাসপাতালের প্রসূতিরা সব সময় সংক্রমণের ঝুঁকিতে থাকেন। সংক্রমণের কারণে নতুন করে সমস্যায় পড়তে হয় রোগী ও স্বজনদের। এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে সংক্রমণের কারণে। এখানে ২০১১ সালে নয়জন প্রসূতি ও ৮৯ জন নবজাতক সংক্রমণের কারণে মারা যায়। গত বছরও একই কারণে বেশ কজন প্রসূতি ও নবজাতক মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে মৃতের সংখ্যা জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতি ও স্ত্রীরোগে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। প্রসূতি বিভাগে ৫৪টি শয্যা থাকলেও রোগী থাকে এর দ্বিগুণ। রোগী ও স্বজনদের অতিব্যবহারের ফলে শৌচাগারের মেঝেসহ সবকিছু থাকে অপরিচ্ছন্ন। অত্যধিক রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিবছর গড়ে এখানে ১৬ থেকে ১৭ হাজার প্রসূতি ভর্তি হন। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ প্রসূতির সন্তান প্রসব হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এক গবেষণায় দেখা গেছে, চমেক হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হওয়া ৩০ শতাংশের বেশি অস্ত্রোপচারের রোগী সংক্রমণের শিকার হন। নবজাতক সংক্রমণের শিকার হয় প্রায় ২৪ শতাংশ।

এ প্রসঙ্গে প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুল আলম বলেন, ‘আমাদের এখানে রোগী বেশি হওয়ায় অনেককে মেঝেতে পর্যন্ত রাখতে হয়। ভর্তি হওয়া রোগীদের ৭০ থেকে ৮০ শতাংশই গ্রাম থেকে আসেন। তাঁরা ঠিকভাবে শৌচাগার ব্যবহার করতে জানেন না। পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন অনেকে। তা ছাড়া, রোগীর চাপ এত বেশি যে মেঝে, শৌচাগার পরিচ্ছন্ন রাখাটাও বিরাট সমস্যা। ফলে এক রোগীর কাছ থেকে অন্য রোগীর সহজেই সংক্রমণ হতে পারে। সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি।’

চিকিৎসকেরা আরও জানান, এক শয্যা থেকে আরেক শয্যা নির্দিষ্ট দূরত্বে রাখার কথা থাকলেও অতিরিক্ত রোগীর কারণে তা সম্ভব হয় না। এতেও এক রোগী থেকে অন্য রোগীর সংক্রমণের ঝুঁকি থাকে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রসূতি বিভাগের মেঝেতে রোগীর ছড়াছড়ি। শৌচাগারগুলো অপরিচ্ছন্ন। সব সময় পানিও পাওয়া যায় না। এর পাশাপাশি রয়েছে চিকিৎসক ও সেবিকাসংকট। তাই সেবা নিয়ে রোগী ও স্বজনদের রয়েছে নানা অভিযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি, পটিয়াসহ চারটি উপজেলায় অনিয়মিত হলেও প্রসূতিসেবার ব্যবস্থা রয়েছে। অন্যান্য উপজেলায় অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও চিকিৎসকের অভাবে তাও হচ্ছে না।

চিকিৎসকদের মতে, উপজেলা হাসপাতালে পূর্ণাঙ্গ প্রসূতিসেবা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর রোগীর চাপ দিন দিন বাড়ছে। বিশেষ করে গ্রামের মানুষ এই হাসপাতালটির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। উপজেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় উপকরণসহ চিকিৎসক নিয়োগ দিয়ে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার ব্যবস্থা করা গেলে সদর হাসপাতালের ওপর চাপ কমত বলে তাঁরা মন্তব্য করেন।