সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য পৃথক বিভাগ খোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক বিভাগ খোলার দাবি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গত শনিবার দুই দিনব্যাপী সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে (ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিলজি) জাতীয় সম্মেলনের শেষ দিনে এই দাবি জানানো হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন এবং টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সারা দেশের সংক্রামক ব্যাধির বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। এতে দুই দিনে ৩৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ার বিষয়ে কিছু দাবি ও প্রস্তাবনা এবং এসব প্রস্তাবনা সরকারের ঊর্ধ্বতন বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।দাবি ও প্রস্তাবনার মধ্যে রয়েছে মেডিকেল কলেজে আলাদা বিভাগ চালু, এ বিষয়ে অধিক মনোযোগ প্রদান, বিজ্ঞানভিত্তিক রোগনির্ণয় এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা করা ইত্যাদি। এ ছাড়া আক্রান্ত রোগীদের সুলভে চিকিৎসার ব্যবস্থা, সাপের বিষের ক্ষেত্রে কার্যকর ওষুধ তৈরির উদ্যোগ এবং চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।সম্মেলনে অধ্যাপক এম এ ফয়েজকে সভাপতি ও অনিরুদ্ধ ঘোষকে সাধারণ সম্পাদক করে ২০১৩-১৫ বর্ষের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিনের নতুন কমিটি গঠন করা হয়।