সংক্ষিপ্ত...
চর্বি বর্জনই যথেষ্ট শরীরের ওজন কমানোর জন্য কেবল চর্বিযুক্ত খাবার বর্জনই যথেষ্ট। এ জন্য কম খাওয়া (ডায়েট) অপরিহার্য নয়। প্রায় ৭৫ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রত্যেকে চর্বিযুক্ত খাবার ছয় মাসব্যাপী বর্জন করে গড়ে প্রায় ১ দশমিক ৬ কিলোগ্রাম ওজন কমাতে সক্ষম হন। যুক্তরাজ্যের নরউইচে অবস্থিত ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ওই গবেষণা প্রতিবেদন বিএমজে সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে। মানুষের খাদ্যতালিকায় প্রয়োজনীয় চর্বির পরিমাণ জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই গবেষকদের দায়িত্ব দিয়েছিল। ওই গবেষকেরা এ-সংক্রান্ত আরও ৪৩টি গবেষণার ফলাফল পর্যালোচনা করেন। টাইমস অব ইন্ডিয়া।বিছানায় শুয়ে বইপড়া নয়বিছানায় শুয়ে বই পড়াকে তুলনামূলক নিরাপদ অবসর বিনোদন বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন ব্যাপারটা রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে। কারণ, পাঠাগারের বইয়ের মাধ্যমে ছারপোকার দল বিছানায় ঠাঁই করে নিচ্ছে। তাই ছারপোকার কামড়ে পাঠকের বই পড়ার আনন্দে ব্যাঘাত ঘটছে। পাঠাগারে বইয়ের শক্ত মলাট বা ডিভিডির মোড়কে ভেতরে ছারপোকা ডিম পাড়ে। পাঠকেরা অবশ্য ছারপোকার উৎপাতে বই পড়া ছেড়ে দিতে নারাজ। তাঁরা ছারপোকার বিস্তার রোধে নতুন পদ্ধতি অবলম্বনের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সেন্ট্রাল লাইব্রেরির কর্মকর্তাদের ইতিমধ্যে পোকা দমনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।