একটু খেয়াল করলেই দেখবেন, প্রতিটি সংগঠনেই কিছু চরিত্র আছে, যাদের স্বভাব-চরিত্র একই রকমের। তাদের চেনানোর দায়িত্ব নিয়েছেন আসফিদুল হক
ফাঁকিবাজ
ফাঁকিবাজ সদস্য ছাড়া কোনো সংগঠনই সম্পূর্ণ হয় না। যেকোনো সংগঠনে এ রকম ফাঁকিবাজের উপস্থিতি থাকবেই, এটা আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন।

ধারবাজ
সমাজের সর্বস্তরের মতো সংগঠনেও কিছু মেধাবী ধারবাজের দেখা পাওয়া যায়। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গল্প উপস্থাপন করে সবার কাছ থেকে আজীবনের জন্য ঋণ নেওয়াই তাদের কাজ।

পেটুকবাজ
পেটুক প্রজাতির মানুষের ‘কুড়মুড়ে’ উপস্থিতি সবখানে। চোখ খোলা রাখলে এদের আপনি দেখবেন হাতে খাবারসহ। কান সজাগ রাখলে খাবার চাবানোর শব্দও শুনতে পাবেন।

কাজবাজ
সংগঠনের কাজপাগল সদস্যরা বিলুপ্তপ্রায় প্রজাতির অন্তর্ভুক্ত। কাজপাগল মানুষেরা সাধারণত কথা কম বলে কাজে ডুবে
থাকতে পছন্দ করে।

চাপাবাজ
চাপাবাজদের জয়জয়কার সবখানেই আছে। চাপার জোরেই এরা সংগঠনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। চাপার জোরে এরা লোকজনের দৃষ্টি আকর্ষণে সফলও হয়।

লেটবাজ
লেট করে আসা কিছু মানুষের মজ্জাগত স্বভাব। তাই এদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না। সংগঠনে এ রকম লোকের দেখা পাবেনই।

জ্ঞানবাজ
সুই থেকে হেলিকপ্টার, অ্যামিবা থেকে মানুষ—সব বিষয়ে জ্ঞানী কিছু মানুষের দেখা মেলে প্রায় সব সংগঠনে। না চাইলেও সব বিষয়ে তাদের উপদেশ, মতামত শুনতেই হয়।
