ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা। হঠাৎ করেই নিভে গেল নগরের জাকির হোসেন সড়কের সংগীত একাডেমি কার্যালয়ের সমস্ত আলো। রাতের আলোয় তৈরি হলো ভৌতিক পরিবেশ। এরই মাঝে মাইক্রোফোনে ভেসে এল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সুর। জ্বলে উঠল দর্শকের হাতে থাকা মোমবাতিগুলো। এ সময় আমন্ত্রিত অতিথিরা প্রজ্বালন করলেন মঙ্গলপ্রদীপ। মুহূর্তেই ভৌতিক পরিবেশ কেটে গিয়ে সৃষ্টি হলো মোহময় পরিবেশ। গত ২৮ মে এভাবেই শুরু হয় সংগীত একাডেমির দশ বছর পূর্তির আনন্দ আয়োজন।
আনন্দ আয়োজনের শুরুতে ছিল কথামালা ও সম্মাননা প্রদানের আয়োজন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সংগীত একাডেমির চেয়ারম্যান শাওন পান্থের সভাপতিত্বে অতিথি ছিলেন ফিলিপাইনের অনারারি কনসাল এম এ আউয়াল, সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ আশরাফুজ্জামান ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। কথামালা পর্ব শেষে ছিল সংবর্ধনা প্রদানের আয়োজন। এ পর্বে সম্মাননা জানানো হয় ওস্তাদ মিহির লালাকে। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন আবৃত্তিশিল্পী আমিনা রহমান। সম্মাননা প্রদান পর্ব শেষে সংগীত একাডেমিকে শুভেচ্ছা জানান আমন্ত্রিত দর্শকেরা। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্বের পরিবেশনা।
এ পর্বে একে একে একক সংগীত পরিবেশন করেন সাইফুদ্দিন মাহমুদ খান, শাকিলা জাহান, রাজীব ভট্টাচার্য, কান্তা দে, নুসরাত ইয়াসমিন, সায়রা চিত্রী ও মনোয়ার হোসেন। গানের ফাঁকে অপরূপ নৃত্যশৈলীতে সবাকে মুগ্ধ করেন নৃত্যশিল্পী নওরিন জাহান। এ ছাড়া ছিল অনুজ দেব, মো. সোহেল, আফসানা ইতি, মোবারক হোসেন ও আমিনা রহমানের একক আবৃত্তি পরিবেশনা। এর আগে আনন্দ আয়োজন উপলক্ষে বেলা তিনটায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক পূর্বদেশ–এর সম্পাদক ওসমান গণি মনসুর। সবশেষে রাত ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় বর্ণিল এ আনন্দ আয়োজন। আনন্দ আয়োজনের সঞ্চালনায় ছিলেন দিলরুবা খানম।