সংগীত কেন স্মৃতি-জাগানিয়া!

‘ক-এ কলা খ-এ খাই/এতো বেশি খেতে নাই। গ-এ গরু ঘ-এ ঘাস/কতো ঘাস খেতে চাস? ঙ বলে কোলা ব্যাঙ/সারা দিন ঘ্যাঙ ঘ্যাঙ! ক-খ-গ-ঘ-ঙ।’ মিঠু-মন্টির এই ছড়া গানের কথা হয়তো অনেক পাঠকেরই মনে আছে। বাংলাদেশ টেলিভিশনে ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে প্রচারিত এই জনপ্রিয় ছড়া-গানে বর্ণমালা শেখার দিনগুলো সে সময়ে যে শিশুরা পেয়েছে, তাদের সহজে তা ভোলার কথা নয়। হয়তো ভোলেননি অনেক বড়রাও। আসলে সংগীতের সঙ্গে স্মৃতির সম্পর্ক খুবই নিবিড়। গান শুধু যে শক্তিশালী-আবেগ জাগিয়ে তুলতে পারে এবং পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারে তা-ই নয়, কোনো কিছু মুখে-মুখে শেখা বা মনে রাখার ক্ষেত্রেও বহু আগে থেকেই গুরুত্বপূর্ণ সংগীত বা ছন্দ ও সুর। সংগীত কীভাবে স্মৃতি সংরক্ষণ করে, স্মৃতি জাগিয়ে তোলে এবং মস্তিষ্ক এ বিষয়ে কীভাবে কাজ করে তা নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মুখে-মুখে মনে রাখার ঐতিহ্য
হাজারো বছর ধরে বিশ্বের নানা সংস্কৃতিতে স্মৃতি-সহায়ক উপাদান হিসেবে ব্যবহূত হয়ে আসছে সংগীত। জ্ঞানচর্চা, ইতিহাস সংরক্ষণ এবং ধর্মশাস্ত্র চর্চায়ও সংগীতের এমন ব্যবহার লক্ষণীয়। আত্মজৈবনিক স্মৃতি এবং মৌখিক ঐতিহ্যের একজন বিশেষজ্ঞ ডিউক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও স্নায়ুবিদ্যার অধ্যাপক ডেভিড সি রুবিন। তাঁর নতুন বই ‘মেমোরি ইন ওরাল ট্র্যাডিশনস’-এ রুবিন ব্যাখ্যা করেছেন, কীভাবে মহাকবি হোমারের ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’-এর মতো মহাকাব্য মৌখিক ও শ্রুতি ঐতিহ্যে সংরক্ষিত হয়েছে। লিখিত রূপের আগেই এগুলো আবৃত্তি হতো, গাওয়া হতো। আর এই মৌখিক ঐতিহ্য স্মৃতির ওপরই নির্ভরশীল।
আমাদের মস্তিষ্কের ‘হিপ্পোক্যামপাস’ এবং ‘ফ্রন্টাল করটেকস’ নামের দুটো বড় অংশ স্মৃতির সঙ্গে সম্পর্কিত। প্রতি মুহূর্তেই এরা বিপুল পরিমাণ তথ্য গ্রহণ করে। কিন্তু সেসব তথ্য পুনরুদ্ধার সব সময় সহজ কাজ নয়। তবে, সংগীত স্মৃতি-সহায়ক। কেননা, সংগীতের ছন্দ-তাল-লয় ও অনুপ্রাস একটা সূত্র মনে করিয়ে দেওয়ার মতো করে স্মৃতি-ঘরের বদ্ধ দরজা খুলে দিতে পারে। একটা গানের কাঠামোর কারণেই আমরা তা মনে রাখতে পারি আর ওই গানের সুর ও কথা আমাদের মনে যেসব ছবি বা চিত্রকল্প তৈরি করে তাও গানটি মনে রাখতে সহায়তা করে।
স্নায়ুবিজ্ঞানীরা স্মৃতির সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের কর্মপদ্ধতি বিশ্লেষণ করে দেখেছেন যে সংগীতে বিন্যস্ত শব্দগুলো মনে রাখাই সবচেয়ে সহজ। আপনার মনে রাখা প্রথম গানের কথাই ভেবে দেখুন না। শৈশবে ছড়া বা কবিতা মুখস্থ করার সময় ছন্দময় ছড়া গানগুলোই হয়তো আমরা সবচেয়ে সহজে মনে রাখতে পারতাম। এসো গান শিখি-এর ‘ক-এ কলা খ-এ খাই/এতো বেশি খেতে নাই’ ছড়া গানের কথাই মনে করে দেখুন। কিংবা দারুণ ছন্দময়—‘হাট্টিমা টিম টিম/তারা মাঠে পাড়ে ডিম/তাদের খাড়া দুটো শিং/তারা হাট্টিমা টিম টিম’!
সবকিছু মনেই থাকে
সংগীত ও স্মৃতির মধ্যে না হয় সম্পর্ক আছে, কিন্তু কেন কিছু নির্দিষ্ট গান শুনলে ওই গানের কথাগুলো আওড়ানোর চেয়ে অনেক বেশি ভাবালুতায় আক্রান্ত হয়ে যাই আমরা? যেমন ধরুন কোথাও হঠাত্ ‘আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে...চলো না ঘুরে আসি অজানাতে/যেখানে নদী এসে থেমে গেছে...’ বাজতে শুনে কলেজজীবনে কয়েকজন বন্ধু মিলে শহর ছেড়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্রথম অভিজ্ঞতার স্মৃতিই মনে পড়ল কারও। হ্যাপি আখন্দের এই গান শুনে কারও বা মনে পড়ল সিনেমা হলে গিয়ে ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি প্রথমবার দেখার কথাই।
মনোবিজ্ঞানীরা বলেন, স্মৃতির নানা ধরন আছে, আছে ‘স্পষ্ট স্মৃতি’ এবং ‘অস্পষ্ট বা দ্যোতনাময়-স্মৃতি’। নানা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে স্পষ্ট স্মৃতিগুলো চিহ্নিত করা যায়। গত বছরের শীতে আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম? আমাদের সঙ্গে আর কারা বেড়াতে গিয়েছিল সেবার...ইত্যাদি। কিন্তু অস্পষ্ট বা দ্যোতনাময়-স্মৃতিগুলোকে এক কথায় কোনো প্রশ্নোত্তরের মধ্য দিয়ে চিহ্নিত করা যায় না। আমাদের অভিজ্ঞতায় এমন অনেক কিছুই জড়িয়ে থাকে যা গভীর দ্যোতনাময় হলেও আমরা সব সময় তা হঠাত্ মনে করতে পারি না, হয়তো ব্যাখ্যাও করতে পারি না।
শিকাগো আর্ট ইনস্টিটিউটের ‘সাউন্ড প্রোগ্রাম’ বিভাগের চেয়ারপারসন এবং মিউজিক-কম্পোজার রবার্ট স্নাইদার বলেন, ‘স্মৃতির একটা বড় অংশই অচেতন মনে জমা হতে থাকে। অনেক কিছুই আমরা অচেতনভাবে মনে রাখি।’ এই সংগীত-স্রষ্টা আরও জানান, ‘স্পষ্ট স্মৃতির চেয়ে অস্পষ্ট বা দ্যোতনাময়-স্মৃতি মনে রাখার প্রক্রিয়ায় মস্তিষ্কের অনেক বেশি স্থান ব্যবহূত হয়ে থাকে।’ আলঝাইমার বা স্মৃতিভ্রষ্টতার মতো রোগে আমাদের স্পষ্ট স্মৃতির অংশই দ্রুত নষ্ট হয়। স্নাইদার বলেন, অস্পষ্ট স্মৃতিই বেশি শক্তিশালী এবং এটাই আমাদের বেশি আবেগ-আক্রান্ত করে, আর এই ধরনের স্মৃতিই বেশি মনেও থাকে।
লক্ষণীয় বিষয় হলো সংগীতের প্রভাবে ফিরে আসা স্মৃতিগুলো অনেক সময়ই আমাদের জীবনের নির্দিষ্ট সময়ের সঙ্গে জড়িয়ে থাকে। হারানো দিনের বাংলা গান বা দেশাত্মবোধক গান শুনলে যার যার বয়স অনুযায়ী আমাদের তারুণ্য ও যৌবনের একটা পর্যায়ের কথাই হয়তো আমাদের মনে আসে। মনোবিজ্ঞানীরা একে বলছেন ‘রেমিনিসেন্স বাম্প’ বা স্মৃতি-জাগানিয়া ধাক্কা। নির্দিষ্ট গানের সঙ্গে নির্দিষ্ট স্মৃতির এই যোগসূত্রকে এই অভিধা দিয়ে ব্যাখ্যা করেছেন মনোবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, তারুণ্য বা যৌবনের ওই সময়টায় যেহেতু সবাই নানান নতুন অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, ওই সময়টায় যেহেতু সবাই প্রথম স্বাধীনভাবে অনেক কিছু করার সুযোগ পান ফলে ওই সময়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে অনেকের জীবনই খানিকটা বিবর্ণ হয়ে যায়। কিন্তু মনের গভীরে ওই সময়ের অনেক আবেগ-অনুভূতিই রয়ে যায়। কোনো কোনো গান সেসব স্মৃতি জাগিয়ে তুলতে পারে। একটা গান আবেগ আক্রান্ত করলেও ওই আবেগকে হয়তো গানের কথা, সুর বা ছন্দ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কেননা, একটা দুঃখের গানের সঙ্গে অনেকের সুখের স্মৃতি বা একটা আনন্দের গানের সঙ্গে অনেকের দুঃখের স্মৃতি জড়িয়ে থাকতে পারে।
জীবনের শব্দ-পথরেখা
সংগীতকে সময়ের সঙ্গে সম্পর্কিত করে দেখলে একে হয়তো আমাদের জীবনের শব্দ-পথরেখা হিসেবে ভাবা যেতে পারে। পপ-মিউজিক বা হালের জনপ্রিয় গানগুলো শুনলে নিজের অজান্তেই হয়তো আমাদের মনে সমসাময়িক কোনো দৃশ্য বা চিত্রকল্প ভেসে ওঠে। দৈনন্দিন জীবনে চারপাশের রাস্তাঘাটে, রেস্তোরাঁয়, দোকানে বাজতে থাকা গানগুলো হয়তো এই সময়ের সঙ্গেই সম্পর্কিত করে আমাদের। হয়তো ষাট কিংবা সত্তর দশকের গানগুলো শুনে কেউ কেউ ওই সময়ের নগর জীবনের শব্দটাই শুনতে পান। হয়তো কেউ কেউ কল্পনায় ফিরে যান সেখানে। আর ধ্রুপদি ভারতীয় কিংবা পাশ্চাত্য সংগীতের মূর্ছনা তো তাদের আসল সময় থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে এক ভিন্ন বাস্তবতায় প্রবেশ করেছে। ফলে এসব সংগীত যার যার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গেই বেশি সম্পর্কিত থাকে। কিন্তু সাধারণভাবে সংগীত অনেক বেশি সামাজিক, দলীয় বা যৌথ স্মৃতির সঙ্গেই সম্পর্কিত থাকে। কেননা, বিয়ে, জন্মদিন, বনভোজন, ঈদ, পূজা, নববর্ষের উত্সবের মতো নানান সামাজিক উত্সব সমবেতভাবে সংগীতায়োজনে অংশ নেওয়ার একটা বড় সুযোগ। জীবনের বিভিন্ন পর্বের এইসব অভিজ্ঞতাও জড়িয়ে থাকতে পারে সংগীতের স্মৃতিতে।
মস্তিষ্কে আঘাতমূলক সমস্যায় আক্রান্তদের অনেক সময় স্মৃতি নিয়ে সমস্যা দেখা দেয়। সংগীত অনেক সময় তাঁদের জীবনের বিশেষ অনেক স্মৃতিকে জাগিয়ে তুলতে পারে। স্মৃতিভ্রষ্টতার চিকিত্সায় এই পদ্ধতি অনেক আগে থেকেই ব্যবহার করে আসছেন চিকিত্সকেরা। এমনকি হতাশায় আক্রান্ত ব্যক্তির মনোরোগ চিকিত্সার ক্ষেত্রেও সংগীতের এই স্মৃতি জাগানিয়া শক্তিকে কাজে লাগাচ্ছেন কোনো কোনো মনোবিজ্ঞানী। সামাজিক বিজ্ঞান ও শিল্পকলাবিষয়ক বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত নেদারল্যান্ডসের লেখক ক্রিশিয়ান ভ্যান কামপেন বলেন, আজকের দুনিয়ায় অনেক মানুষের জন্যই একটা বড় ভীতি হয়ে দেখা দিচ্ছে স্মৃতিভ্রষ্টতা। তাঁরা ভুলে যাওয়াকে ভয় পান। কিন্তু আশার কথা হলো—মনোবিজ্ঞানীরা মানুষকে স্মৃতি জাগিয়ে তুলতে সহায়তা করছেন। আর এই কাজে আমাদের বড় সহায়ক হয়ে উঠতে পারে সংগীত।