বিশিষ্ট সংগীতজ্ঞ ও শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বলেছেন সংগীত সংস্কৃতি মানুষের মনকে পবিত্র করে, উদার করে, পরিশীলিত করে। সুরস্রষ্টারা যুগে যুগে সংগীতের মাধ্যমে মানবতার জয়গান গেয়ে গেছেন। সংগীতের মোহনীশক্তি মানুষের মননকে শাণিত করে। বাঙালির গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধে উদ্দীপনামূলক দেশাত্মবোধক সংগীতগুলো মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ের মন্ত্রে দীক্ষিত করে। কারণ, সংগীত হচ্ছে জাতীয় জাগরণের শ্রেষ্ঠ হাতিয়ার।
তিনি গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় শাখার আয়োজিত শোভাযাত্রার শুরুতে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী দীপেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের দলপতি শিল্পী মানস শেখর, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির পরিচালক সাহাবউদ্দীন হাসান, সরগম একাডেমির পরিচালক স্বপন কুমার দাশ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. লিটন, খেলাঘর সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ, প্রযোজক এহসান আহমেদ, আওয়ামী শিল্পীগোষ্ঠীর লোপা মুৎসুদ্দি, আনন্দীর পরিচালক, তবলাশিল্পী সুরজিত সেন গুপ্ত, হাবিব সাখাওয়াত, কাউছার আহমেদ প্রমুখ।
দেশে দেশে জঙ্গি আক্রমণ, গুপ্তহত্যা, ধর্মীয় অসহিষ্ণুতার পেছনে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অভাবকে দায়ী করে প্রফেসর হাসিনা জাকারিয়া বলেন, সারা বিশ্বে সংগীতই পারে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে। তিনি বলেন, দেশে দেশে জাতিতে জাতিতে সৌহার্দ্যের মেলবন্ধন সৃষ্টি করতে পারে একমাত্র সুর এবং সংগীত। বিশ্ব সংগীত দিবসে তিনি সবাইকে সুরের ঐকতানে শামিল হতে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।