‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়’—সমবেত কণ্ঠে এই গানের মধ্য দিয়ে শুরু হয় সংগীতসন্ধ্যা। ১০ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সংগীত শিক্ষাকেন্দ্র সংগীত তীর্থের ১০ বছর পূর্তি উপলক্ষে ‘সুরের গুরু’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা সড়ে ছয়টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন।
উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় শিল্পী শান্তা গুহের পরিচালনায় ও নির্দেশনায় সংগীত তীর্থের শিল্পীদের একক ও সমবেত পরিবেশনা। শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা ও প্রেম পর্যায়ের গান পরিবেশন করেন। এরপর সংগীত তীর্থের শিল্পীদের দুটি গানের সঙ্গে নাচ পরিবেশন করেন ওডিশি অ্যান্ড ট্যাগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী।
এরপর শিল্পীরা গেয়ে শোনান ‘আমার এ পথ চাওয়াতেই আনন্দ’সহ বেশ কয়েকটি গান। সবশেষ একক সংগীত পরিবেশন করেন অনুপম কুমার পাল ও সংগীত তীর্থের পরিচালক শান্তা গুহ।