সংগীত পরিষদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামের সাংস্কৃতিক জীবনের মান উন্নয়নে সুদীর্ঘকাল থেকে সংগীত পরিষদ কাজ করে চলেছে। ১৯৩৯ সাল থেকে প্রতিষ্ঠানটি জয় করেছে অনেক বাধা-বিপত্তি। ৫ মার্চ নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় পরিষদের ৭১তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অতিথি ছিলেন মো. শাহজাহান মিয়া, নীলুফার জহুর, অমল কান্তি নাথ, মনোজ বড়ুয়া, সুজিত সেন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে প্রখ্যাত সেতার ও সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খানকে সম্মাননা দেওয়া হয়। ‘জয় হোক শান্তির জয় হোক’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ করেন পরিষদের শিক্ষার্থীরা। পরিষদের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী হয় সেখানে। শুরুতে শুধু গান দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সংগীত পরিষদের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। কণ্ঠ, নৃত্য, রবীন্দ্র ও নজরুলসংগীত, তবলা আর চারুকলা বিভাগ। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। ‘পাগলা হাওয়া বাদল দিনে’, ‘দোল দোল দোলনী’, ‘সূর্যোদয়ে তুমি’সহ অনেক গানে পরিবেশিত নাচ ছিল মনোমুগ্ধকর। এ ছাড়া সমবেত, দ্বৈত, একক কণ্ঠে গাওয়া রবীন্দ্র, নজরুল ও পল্লিগীতি দর্শকের মন ছুঁয়েছে। আধুনিক গান নিয়ে উপস্থিত হন সানজিদা অরিন ও জারিন তাসলিম। তবলা লহরায় অংশ নেন পরিষদের তবলা বিভাগের শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানজুড়ে ছিল উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছল উপস্থিতি।