সংগীত ভবনের চার যুগ পূর্তি উপলক্ষে পুরো বছরব্যাপী আয়োজন করা হয়েছে সাত পর্বের গানের আসর। এই ধারাবাহিকতায় চতুর্থ পর্বে ১৯ এপ্রিল নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে লোকসংগীতের আসর।
সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা গবেষক ড. মাহবুবুল হক। তিনি বলেন, ‘লোকসংগীত আবহমান বাংলার মাটির গান। হাসি-আনন্দ, কর্ম, প্রেম-ভালোবাসা মিশ্রিত এ গানগুলো আমাদের সম্পদ।’ কথামালার পর শুরু হয় লোকগান। শুরুতে সাদিয়া কবিরের কণ্ঠে ‘প্রেম জান না’ ও ‘এমন মানব জনম দেখি নাই’ দুটি গান। এরপর তওসিফ নূর শোনান ‘মন মাঝি সামাল সামাল’। গানে তখন পুরোপুরি মজে গেছেন শ্রোতারা। এবার সুর তোলেন গোলাম সরওয়ার। গেয়ে শোনান ‘কেহ করে বেচাকেনা’ ও ‘হলুদিয়া পাখি’।
একে একে গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে রাখেন ভুবন মজুমদার, ওয়াজি ইফতেখার, মায়িশা মান্নান, রোকসানা আক্তার, তুলিপ সেনগুপ্ত, আশাবরী ইরাবান, সাদেক ইকবাল ও বিভাস সেনগুপ্ত। তাঁদের পরিবেশিত গানের মধ্যে হূদয় ছুঁয়ে যায় ‘ও মোর বানিয়া বন্ধুরে’, ‘বসন্ত বাতাসে’, ‘প্রাণ সখিরে ঐ শোন’, ‘সহজ মানুষ ভজে’ ও ‘রঙিলা রঙিলা’। সবশেষে বিভাস সেনগুপ্তের ‘চাতুরী করিয়া মোরে’ গান পরিবেশনার মাধ্যমে শেষ হয় সুরের এ সন্ধ্যা।