‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’—৮০ বছর বয়সে (৬ মে ১৯৪১) রবীন্দ্রনাথের লেখা শেষ গান।‘হয়েছো শেষ, তবুও বাকি/সেটুকু নিয়ে গুন্গুনিয়ে সুরের খেলা খেলো।’ ডিজিটাল ব্যানারে মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ছিল খুদে দর্শক প্রত্যয় মজুমদার। প্রত্যয় ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে বাবার সঙ্গে শিল্পকলায় এসেছে রবি কবি সম্পর্কে জানতে। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ ছিল বিভিন্ন দেয়ালিকা, দুর্লভ আলোকচিত্র, রবীন্দ্রনাথের বংশ তালিকাসহ বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সাজানো। এসব দেখে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে বলে জানাল প্রত্যয়। ১৩ ও ১৪ মে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করে সংগীত ভবন। দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের রবীন্দ্র উৎসব ছিল জমজমাট। ১৩ মে সন্ধ্যা সাতটায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মালা কেটে উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সঙ্গে সঙ্গে মুক্তমঞ্চে সংগীত ভবনের শিল্পীরা গান ধরেন ‘এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার।’ এতে সভাপতিত্ব করেন এ কে এম শাহজাহান পাটোয়ারী। রবীন্দ্র উৎসবের প্রথম দিন ছিল বিলেতি সুর, হিন্দুস্তানি সংগীত ও আমাদের মাটির গান লোকসংগীতের সুর অবলম্বনে রবীন্দ্রনাথের ভাঙা গান। সংগীত ভবনের শিল্পীরা প্রথমে অন্য ভাষার মূল গান ও পরে রবীন্দ্রনাথের রচিত গান পরিবেশন করেন। ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গানটি আইরিশ কয়ার টিউন থেকে নেওয়া হয়েছে। এভাবে অন্য ভাষার এবং রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান তাঁরা। এ ছাড়া মূল ‘হরি রাম দিয়ে জগত...’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’সহ বিভিন্ন গান করেন সংগীত ভবনের শিল্পীরা। অনুষ্ঠানে প্রমা অবন্তীর নাচের দল ‘জয় প্রবল বেগবতী’ গানের সঙ্গে নেচে দর্শকের মন নাচিয়ে যায়। নাচ ও গানের ফাঁকে ফাঁকে ছিল আবৃত্তি। অতিথি শিল্পীর মধ্যে জয়ন্তী লালা শোনান ‘মুরালি ধ্বনি...’, শ্রেয়সী রায় ‘চরণধ্বনি শুনি’। এ ছাড়াও ভাঙা গান করেন মিহির নন্দী, মালবিকা দাশ, মোস্তফা কামাল, আব্দুর রহিম প্রমুখ। এভাবে গানে গানে রাত নামে, আধফালি চাঁদ হাসে। ঘড়ির কাঁটা যখন সাড়ে নয়টায় সঞ্চালক মিলি চৌধুরী প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের বিষয় ছিল ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। তৎকালীন পূর্ববঙ্গে অবস্থানকালে রবীন্দ্রনাথ যেসব গান, কবিতা, নাটক এবং চিঠিপত্র লিখেছেন তার অংশ বিশেষ নিয়ে সাজানো হয় অনুষ্ঠান। অতিথি শিল্পী ছিলেন শাশ্বতী দাশ, চন্দ্রশেখর দত্ত, আইরিন সাহা, অনিরুদ্ধ সেনগুপ্ত প্রমুখ। সংগীত ভবনের সম্পাদক নূর নবী বলেন, ‘চেষ্টা করেছি রবীন্দ্রনাথের জীবন তুলে ধরতে। এ জন্য তাঁর জীবনের ঘটনা, দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি।’