সংগীত ভবনের রবীন্দ্র-নজরুল জয়ন্তী
সংগীত প্রতিষ্ঠান ‘সংগীত ভবন’ শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তীর আয়োজন করে। ১ জুলাই বিকেলে খুদে শিল্পীদের সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটির মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান। সূচনা সংগীতটির পর ছিল নাসরিন সরোয়ারের সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য। এরপর আবার গানে ফিরে যাওয়া। খুদে শিক্ষার্থীরা একক ও সমবেতভাবে ২১টি রবীন্দ্রসংগীত গেয়ে শোনায় প্রথম দিন। ছোটদের পরিবেশনার পর অগ্রসরমান তিন বিদ্যার্থী অধ্যাপক রাশিদা খানম, সুমিতা সরকার ও বহ্নিশিখা রক্ষিতের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। রাশিদা ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে’ এবং ‘ও অকূলের কূল’, সুমিতা সরকার ‘প্রভু আমার প্রিয় আমার’ এবং বহ্নিশিখা রক্ষিত গেয়ে শোনান ‘আরো চাই যে আরো চাই’। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শিল্পী সাদিয়া কবিরের উপস্থাপনায় সমবেত কণ্ঠে ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানটির মাধ্যমে শুরু হয় নজরুল জন্মজয়ন্তী। নজরুলের সুবিশাল সংগীতভান্ডার থেকে বিভিন্ন পর্যায়ের ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি’, ঝিলের জলে’, ‘পরদেশি মেঘ’, ‘আমি আল্লাহ নামের বীজ বুনেছি’, ‘যায় ঝিলমিল ঝিলমিল’সহ মোট ১৬টি গান একক ও সমবেত কণ্ঠে পরিবেশন করেন সংগীত ভবনের শিক্ষার্থীরা। প্রতিবছর সংগীত ভবন তাদের খুদে শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।