সংগীত শিক্ষায় দক্ষতা বাড়ে লেখাপড়াতেও

গান গাওয়া কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজাতে শেখা সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় দক্ষতা বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ দাবি করেছেন। আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এ গবেষণার জন্য ৯-১০ বছর বয়সী একদল শিশুকে বছরব্যাপী সংগীত প্রশিক্ষণ দেওয়া হয়। বছর শেষে সংগীত প্রশিক্ষণ পায়নি এমন একই বয়সী আরেক দল শিশুর সঙ্গে ওদের নিয়মিত লেখাপড়ার ফল তুলনা করা হয়। এতে দেখা গেছে গান গাইতে শিখেছে এমন শিশুরা লেখাপড়ায় ভালো করছে। আবার যারা গান গাইতে না শিখলেও কোনো বাদ্যযন্ত্র বাজাতে শিখেছে তারা শব্দ এবং ভাষা শিক্ষায় ভালো করেছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের দারিদ্র্যপীড়িত দুটি এলাকার কয়েক শ সুবিধাবঞ্চিত শিশুর ওপর পরিচালিত এ গবেষণায় নেতৃত্ব দেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ডক্টর নিনা ক্রাউস। আগের আরেক গবেষণায় তিনি দেখিয়েছিলেন যে, সংগীত শিক্ষায় শিশুদের স্মৃতিশক্তি বাড়ে এবং এটা শ্রেণিকক্ষে মনোযোগী হতেও সহায়তা করে। মূলত সংগীতে প্রশিক্ষণে শিশুদের স্নায়বিক কর্মক্ষমতা বাড়ার ফলে লেখাপড়ায় ভালো করতে তা সহায়তা করে।
গবেষণা শুরুর আগে সংগীতে প্রশিক্ষণ দেওয়া হবে কিংবা দেওয়া হবে না—এমন দুই দল শিশুরই আইকিউ বা সাধারণ বুদ্ধিমত্তা এবং পড়ার দক্ষতা যাচাই করা হয়। এতে দুই দল শিশুই প্রায় একইরকম মানে আছে বলে দেখা যায়।
তবে, ক্রাউসের আগের গবেষণায় অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিল অনেকটা সচ্ছল পরিবারের ছেলেমেয়ে। আর এবারের গবেষণায় দেখা গেছে সপ্তাহে পাঁচ ঘণ্টা কিংবা তার চেয়ে বেশি সময় সংগীত প্রশিক্ষণ পাচ্ছে এমন ছেলেমেয়ের মধ্যে পড়ায় অনাগ্রহ কমতে শুরু করে। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পড়ার আগ্রহ কমে যাওয়াকেই একটা বড় সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ডক্টর নিনা ক্রাউস বলেন, ‘কম আয়ের পরিবারে বেড়ে ওঠা শিশুদের তুলনায় সচ্ছল পরিবারের শিশুরা স্কুলে ভালো ফল করে থাকে। কিন্তু আমরা দেখেছি যে, সংগীতে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় দক্ষতা বাড়িয়ে এই পার্থক্য কমিয়ে আনা যেতে পারে।’