সংগীত সব শিল্পের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজলী লায়লা মনসুর
নাজলী লায়লা মনসুর

গানের খুব ভালো সমঝদার আমি নই৷ আবার গান শোনার নেশাও খুব একটা নেই৷ কিন্তু ভালো লাগে সব ধরনের গান৷ যন্ত্রসংগীতও খুব পছন্দ৷ কিন্তু যে গানে কথার চেয়ে যন্ত্রায়ণ বেশি, সে গান আমাকে রীতিমতো পীড়া দেয়৷ যন্ত্রের ঝনঝনানিতে গানের বাণী যেন কোথায় হারিয়ে যায়৷ এর চেয়ে খালি গলায়ও যদি খুব দরদ দিয়ে, আবেগ দিয়ে গাওয়া হয়, সে গান আমার মন ছুঁয়ে যায়৷
ভালো লাগে উচ্চাঙ্গসংগীত, লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজল, কাওয়ালি, ভজন ও কীর্তন৷ আবার প্রাচ্য ও পাশ্চাত্যের মেলোডিয়াস যন্ত্রসংগীতও শুনি৷ অন্যদিকে, ভারত ও বাংলাদেশের পুরোনো দিনের বাংলা গানও আমার খুব প্রিয়৷ পঞ্চাশ-ষাটের দশকের গানে কথার চেয়ে সুরের বৈচিত্র্য ও মেলোডি একধরনের আচ্ছন্নতা তৈরি করে৷ সে সময় যাঁরা গাইতেন, প্রত্যেক গায়কের গায়কি ছিল চমৎকার আর বৈচিত্র্যপূর্ণ৷ শিল্পীদের মধ্যে বেগম আখতার, জগন্ময় মিত্র, শচীন দেববর্মন ও আশা ভোঁসলের গানের প্রতি বিশেষ অনুরাগ আছে৷
এই সময়ের শিল্পীদের মধ্যে কবীর সুমনের গান ভালো লাগে৷ তাঁর গানের কথা আর সুরে একধরনের অভিনবত্ব আছে, এটা আমাকে মুগ্ধ করে৷ ভালো লাগে কৃষ্ণকলি ও ব্যান্ড দল জলের গানের গান৷ জলের গানের কথা একটু আলাদা করে বলতে চাই৷ ওদের পরিবেশনায় নতুনত্ব আছে! আলাদা মেজাজ আছে৷ মঞ্চে ওরা শ্রোতা-দর্শককে একেবারে মাতিয়ে রাখে! এ ছাড়া পাশ্চাত্যের প্যাট্রিক ম্যাকগুহানের ‘স্টারি নাইট’ গানটা আমার খুবই পছন্দ৷

ভালো লাগে জলের গান
ভালো লাগে জলের গান

আমার গান শোনার শুরুটা শৈশবেই৷ গান নিয়ে সে সময়ের অনেক স্মৃতিই মনে পড়ে৷ তখন গান শোনার যন্ত্র ছিল দুই নবওয়ালা রেডিও আর চাবি ঘোরানো গ্রামোফোন৷ হয়তো গাড়ি করে দূরে কোথাও বেড়াতে যাচ্ছি অথবা পিকনিকে যাচ্ছি; সে সময় কেউ না কেউ খালি গলায় গান ধরত৷ আমরা বাকিরা সবাই তাতে গলা মেলাতাম৷ শৈশবে গান শোনার স্মৃতিগুলো এমনই৷ জোছনা রাতে বাড়ির ছাদে অনেক সময় গানের আসর বসত, সেখানে আমরা ভাইবোন আর মামা-খালারা সবাই মিলে গান গাইতাম৷ বাবার বদলির চাকরির সূত্রে আমার শৈশব কেটেছে বিভিন্ন মফস্বল শহরে৷ শহর ভিন্ন হলেও একটা দিকে ভীষণ মিল ছিল৷ প্রায় সব বাসাতেই গানের শিক্ষক গান শেখাতেন এবং সকাল-সন্ধ্যা সারগামের সুর ভেসে আসত৷ পারিবারিক অনুষ্ঠানেও তাঁরা আসতেন গান গাইতে৷ তাঁরা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও ছড়াগান গাইতেন৷ দুটো গানের কথা এখনো মনে পড়ে, যেটা সবাই মিলে কোরাস করে গাওয়া হতো৷ যেমন: ‘সংকোচের বিহ্বলতায় নিজেরই অপমান’ আর ‘খর বায়ু বয় বেগে’৷ পরের গানটির ‘হাই মারো মারো টান হাইও’তে আমার আব্বাও গলা মেলাতেন৷ তখন খুব মজা পেতাম৷
আমার মনে হয়, সংগীত সব শিল্পের রাজা৷ একটি ভালো শিল্পকর্মে যেসব উপাদান থাকে, তার সবচেয়ে নিখঁুত বিমূর্ত রূপ সংগীতেই প্রকাশ করা সম্ভব৷ একটি চিত্রকর্ম সৃষ্টির সময় যেমন তার কাঠামো, বিন্যাস, থিম, ক্লাইম্যাক্স ও ছোটখাটো ডিটেলের সুচারু প্রয়োগ প্রয়োজন, তেমনি সংগীতেও একই ধরনের ব্যাপার থাকে৷ এ আর রহমানের রোজা চলচ্চিত্রের গানগুলোতে সুর এবং তার সঙ্গে যন্ত্রসংগীতের ব্যবহারে ছোটখাটো দিকগুলোর প্রয়োগে যে মুনশিয়ানা আছে, তা একটি ভালো চিত্রকর্ম সৃষ্টির ক্ষেত্রেও অনুভব করা যায়৷
অনুলিখন: সুচিত্রা সরকার