সংগীতপ্রেমী তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ও সুরের মূর্ছনা কার না ভালো লাগে? ভালোবাসেন তারকারাও। একাকিত্ব বা অবসরই শুধু নয়, মনের আনন্দ দিতে তারকারা গান শোনেন বিভিন্ন সময়ে। কাজের ফাঁকে ফাঁকে অনেকে আবার গুনগুন করে গাইতেও থাকেন। সংগীতের প্রতি অনুরাগী কয়েকজন তারকার কথা থাকছে এখানে।

ফেরদৌস
ফেরদৌস

ফেরদৌস
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস গান শুনতে খুবই পছন্দ করেন। দূরের যাত্রায় (লং ড্রাইভে) গানই একমাত্র ভরসা। গাড়িতে থাকলে এফএম ছেড়ে শোনেন আর বিমানে থাকলে হেডফোনে। তো কোন ঘরানার গান শোনেন এই অভিনেতা? ফেরদৌস বলেন, ‘আমি কোনো বিশেষ একটা ঘরানার গান নয়, বরং নানা ধরনের গান শুনতেই ভালোবাসি। কিশোর কুমার থেকে এই সময়ের জাস্টিন বিবার সবার গানই শুনি।’ বিবারের ‘সরি’ গানটা নাকি অনেকবার শুনেছেন। তবে মনের প্লে লিস্টে আছে—তোমার বাড়ির সামনে দিয়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...এমন কয়েকটি গান।

কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

কিম কারদাশিয়ান
গান শুনতে খুবই পছন্দ করেন কিম কারদাশিয়ান। লং ড্রাইভে যাবেন অথচ গান শুনবেন না, এমনটা তিনি যেন কল্পনাও করতে পারেন না। কদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা গেছে, পছন্দের গান শুনে আবেগে কিমের হাতের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কার গান শুনছিলেন কারদাশিয়ান? আর কারও নয়, নিজের স্বামী কেন ওয়েস্টর গানই শুনছিলেন। নিজের প্রিয় মানুষটিকে নিয়ে কিম প্রায়শই বলেন, ‘কেনের গাওয়া পছন্দের গানগুলো আমার প্লে-লিস্টে রেখে দিই। আর অবসরে আমি এই গানগুলোই উপভোগ করি।’ সূত্র: জাস্টজ্যারেড ডটকম ও বিলবোর্ড ডটকম

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা জাকারবার্গ কিন্তু শুধু কাজেই ডুবে থাকেন না। অবসর পেলেই প্রশান্তি খোঁজেন সুরে-সংগীতে। শত ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন তাঁর গান শোনা চাই। আর সেই গানটি যদি হয় পছন্দের গায়িকার, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, জাকারবার্গের পছন্দের তালিকায় রয়েছে আমেরিকান পপ সংগীতশিল্পী লেডি গাগা। লেডি গাগার গাওয়া বিভিন্ন ধরনের গানের মধ্যে একটু হার্ডকোর ধরনের গানই বেশি ভালোবাসেন জাকারবার্গ। এখানেই শেষ নয়, তাঁর পছন্দের তালিকায় রয়েছে ফ্রান্সের ইলেকট্রনিক ব্যান্ড ডাফট পাঙ্ক। এই ব্যান্ডের গাওয়া অধিকাংশ গানই তাঁর ভালো লাগে। সূত্র: বুমবিট ডটকম

ব্র্যাডলি কুপার
ব্র্যাডলি কুপার

ব্র্যাডলি কুপার
গিটারের সুর, পপ কিংবা মেটাল ছাড়াও রয়েছে জ্যাজ মিউজিক। আর এই জ্যাজ মিউজিকই নাকি সবচেয়ে পছন্দের অভিনেতা ব্র্যাডলি কুপারের। ‘হ্যাংওভার’ ও ‘সিলভার লাইনিংস প্লে বুক’ খ্যাত এই তারকা নাকি যেখানেই জ্যাজের আমেজ পাবেন, সেখানেই শুটিং ফেলে ছুটে যান। কথার সত্যাতাও আছে, গত বছর যুক্তরাজ্যের বিখ্যাত জ্যাজ উৎসব গ্লাস্টনব্যারিতে দেখা গেছে তাঁকে।
সূত্র: দ্য টেলিগ্রাফ

রণবীর কাপুর
রণবীর কাপুর

রণবীর কাপুর
বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। ২০১১ সালে ইমতিয়াজ আলীর রকস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন গায়কের ভূমিকায়। নিজে না গাইলেও গান শুনতে ভালোবাসেন এই অভিনেতা। আর এই রকস্টার অভিনেতার পছন্দের গান হলো ‘দ্য বক্সার’। ১৯৭০ সালের দিকে সিমন ও গারফুনকেলের এই ইংরেজি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আর শুধুই গান শোনা নয়, গিটার ও তবলা বাজাতেও বেশ পছন্দ করেন এই অভিনেতা। রকস্টার-এ অভিনয়ের সময়ই নাকি গিটারের নেশায় তাঁকে পেয়ে বসে।
সূত্র: রণবীরকাপুর ডটনেট

আলিয়া ভাট
আলিয়া ভাট

আলিয়া ভাট
মিষ্টি অভিনেত্রী আলিয়া ভাট ভালোবাসেন র্যাপ সংগীত শুনতে। কিশোর বয়স থেকেই নাকি তাঁর এই ভালো লাগা। শুধু শোনাতেই থেমে নেই র্যাপের প্রতি ভালোবাসা; সময়-অসময়ে নিজেই বিভিন্ন র্যাপ গান গুনগুন করে গেয়ে ওঠেন। এ ছাড়া এখন তাঁর পছন্দের গানের তালিকায় রয়েছে এ দিল হ্যায় মুশকিল সিনেমারে ‘চান্না মেরেয়া’ গানটি। চলচিত্রটি মুক্তি পাওয়ার বেশ কিছুদিন পর আলিয়া টুইটারে জানান তথ্যটি।
সূত্র: সেলিব্রিটিইনসাইড ডটকম