সংগীতযুদ্ধের এক নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়
সমরজিৎ রায়

সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে হলে যেকোনো মানুষকে প্রথমে স্বপ্ন দেখতে হয়। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে যতটা পরিশ্রম, সাধনা ও ত্যাগের প্রয়োজন হয়, তার সবটুকুই আমি একজনের মাঝে দেখেছি, যাকে নিয়ে আমার আজকের এই গল্প, তিনি সমরজিৎ রায়। তাঁর নামের অর্থ বিশ্লেষণ করলে যা দাঁড়ায়—সমর মানে রণাঙ্গন আর জিৎ মানে জয়ী হওয়া। যে যুদ্ধে সমরজিৎ অবতীর্ণ হয়েছেন সেটা সংগীতযুদ্ধ। এ যুদ্ধক্ষেত্রের কোনো সীমানা নেই, নেই কোনো পরিধি। সমরজিৎ-এর জন্ম কক্সবাজার জেলার চকরিয়ায়। তাঁর বাবা নেপাল চন্দ্র রায় একজন স্বনামধন্য শিক্ষক, মা রত্না রায় গৃহিণী। বড় দুই ভাই বিশ্বজিৎ রায় ও সত্যজিৎ রায় পেশায় চিকিৎসক। এবং ছোট বোন শর্মিলা রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
সংগীতযুদ্ধে এই সৈনিককে যাঁরা রসদ জুগিয়েছেন তাঁদের মধ্যে প্রথম গুরু হলেন চট্টগ্রামের আর্য সংগীতের নির্মলেন্দু চৌধুরী। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করতে সমরজিৎ চলে যান দিল্লিতে। সেখানে তালিম নেন পদ্মশ্রী পণ্ডিত মধুপমুদ্গল ও পদ্মশ্রী পণ্ডিত অজয় চক্রবর্তীসহ অনেক গুণী শিল্পীর কাছে।
নিজের পরিবার ছেড়ে দীর্ঘ ১৫ বছর ধরে তিনি সুদূর দিল্লিতে অবস্থান করছেন শুধু শুদ্ধ সংগীতচর্চার জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, শাস্ত্রীয় সংগীতের প্রতি তাঁর এত আগ্রহ ও ভালোবাসা। সমরজিৎ জানেন, এ যুদ্ধ সহজ নয়, এর শেষও নেই। আজকালকার তরুণেরা খুব সহজেই প্রাপ্তি ও খ্যাতি চায়, যার জন্য তার চলার পথটি দীর্ঘায়িত হয় না। প্রথম আলোর প্রস্তাবে আমি এই লেখার দায়িত্ব নিয়েছি, কারণ আমি সমরজিৎকে অনেক কাছ থেকেই অনেক বেশি জানি। ওঁর সংগীতযুদ্ধের অনেক প্রাপ্তি, অপ্রাপ্তি, উৎসাহ ও উপদেশের সাক্ষী আমি। বাণিজ্যিকভাবে প্রচার-প্রসারের দিকে তিনি কখনো তাকাননি। সংগীতকে প্রকৃতভাবে ভালোবাসেন বলে থেকেছেন অনেকটা প্রচারবিমুখ হয়ে।
ওর অর্জনের ঝুলিতেও রয়েছে অনেক কিছু। যদিও আমি বলব, এই অর্জন বাংলাদেশের জন্য অসামান্য। সমগ্র ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীতবিশারদের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় সমরজিৎ অর্জন করেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ডসহ সাতটি সাম্মানিক অ্যাওয়ার্ড। এমনকি তবলায়ও সংগীতবিশারদ ডিগ্রি লাভ করেন তিনি প্রাচীন কলা কেন্দ্র, চণ্ডীগড় থেকে।
তাঁর প্রথম একক হিন্দি গানের অ্যালবাম তেরা তসব্বুর ভারতের ‘জিমা অ্যাওয়ার্ড’ ২০১১-এ ‘সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম’ হিসেবে মনোনীত হয়, যা সত্যিই খুব সহজ একটি বিষয় নয়। অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন ভারতের অনেক গুণী শিল্পীর সঙ্গে, যাঁদের মধ্যে অন্যতম হলেন জগজিৎ সিং, অনুপ জলোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়াল। স্বর্ণযুগের প্রখ্যাত গীতিকার প্রয়াত পুলক বন্দ্যোপাধ্যায়, বটকৃষ্ণদের লেখা ও প্রখ্যাত শিল্পী প্রয়াত মৃণাল চক্রবর্তী, প্রয়াত অজয় দাসের সুরে বেশ কিছু মৌলিক গান রেকর্ড করার সুযোগও তাঁর হয়েছে।
সমরজিৎ যা কিছু শিখেছেন, তা পরবর্তী প্রজন্মকে শেখানোর দায়িত্ববোধ থেকে। তিনি দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। তবুও তিনি বারবার ছুটে আসেন দেশের টানে, বাংলা গানের টানে। এর মধ্যে দেশেও তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন।
আমি তাঁর অসম্ভব সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস, বাংলাদেশের সংগীতের জন্য তিনি বিশেষ ভূমিকা রাখবেন এবং তাঁর একনিষ্ঠ তত্ত্বাবধানে শুধু আমাদের দেশের নতুন প্রজন্ম লাভবান হবে তা নয়, বরং আমি বলব আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার মতো সেই অর্জনটুকু সমরজিৎ করেছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন। আমার অনেক আশীর্বাদ ও শুভ কামনা রইল তাঁর জন্য। একটি প্রত্যাশা ও দাবি নিয়েই সমরজিৎ-এর জন্য একটি উক্তি করতে চাই—
‘লক্ষ শ্রোতার হৃদয় ভরুক তোমার গানে,
বাংলা গানের ব্যাপ্তি ছড়াও বিশ্ব পানে।’