দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠক্রমে সংগীতবিষয়কে বাধ্যতামূলক করা উচিত। কারণ, সংগীত মানুষের রুচি ও মননে সূক্ষ্ম পরিবর্তন ঘটায়। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের আয়োজনে সংগীত-শিক্ষাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) আর্ট গ্যালারি মিলনায়তনে ৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ‘শিক্ষা ও সংগীত’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক। এতে সভাপতিত্ব করেন সদারঙ্গের সভাপতি ভৌতবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক অসিত রায়, সাহিত্যিক শহীদ জায়া বেগম মুশতারী শফি, শিল্পী আবদুল গফুর হালী, রম্যলেখক সত্যব্রত বড়ুয়া ও অধ্যক্ষ রীতা দত্ত। বৈঠকে প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো.গোলাম মুস্তাফা। তিনি তাঁর প্রবন্ধে বর্তমান শিক্ষাব্যবস্থায় কীভাবে সংগীতকে অন্তর্ভুক্ত করা যায়—সে বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক অসিত রায় বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শান্ত- মারিয়ম ও ইউডা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয় চালু আছে। এ ছাড়া ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত বিষয়কে বাধ্যতামূলক করতে হবে।’ সাহিত্যিক শহীদ জায়া বেগম মুশতারী শফি বলেন, ‘পৃথিবীতে শব্দের আগে সুর এসেছে। সুর যেখানে ছড়িয়ে গেছে সেখানে সুন্দর, কল্যাণ, শান্তি বিরাজ করেছে।’ বৈঠক শেষে অসিত রায় উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী।