সংগীতে সঁপেছেন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী নাথ
বৈশাখী নাথ

বয়স বড়জোর চার-পাঁচ। এই বয়সের একটি শিশু সারা ঘর দাপিয়ে বেড়াবে, মেতে থাকবে খেলা আর আড্ডায়—এটাই তো স্বাভাবিক। কিন্তু বৈশাখী নাথের ক্ষেত্রে তেমনটি ঘটেনি। এলাকার সমবয়সী ছেলেমেয়েরা যখন খেলাধুলা-আড্ডায় ব্যস্ত, তখন বৈশাখী মায়ের সংগীত শিক্ষার আসরে মনোযোগী ছাত্রী। রুটিন মেনে পড়াশোনার মতো চলছিল নিয়মিত ওস্তাদের কাছে তালিম নেওয়ার পালা। সুর ও তালের সঙ্গে এভাবেই জীবনকে বেঁধেছেন নবীন এই শিল্পী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন বৈশাখী নাথ। পড়ালেখার পাশাপাশি চলছে সংগীত সাধনা। বিশ্ববিদ্যালয়ের কোনো সংগীতের আসরই বৈশাখীর গান ছাড়া পরিপূর্ণতা পায় না। গান দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন তিনি।

চট্টগ্রামের সংগীতাঙ্গনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন বৈশাখী। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই শিল্পী নিজের ঝুলিতে পুরেছেন পঞ্চাশেরও বেশি পুরস্কার। বেসরকারি টেলিভিশন এনটিভি আয়োজিত মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় দেশের গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এ ছাড়া নানা সময়ে গান গেয়ে পেয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরস্কার, আইনজীবী শিল্পী সংস্থা সম্মাননা, শিশু-কিশোর মেলা পুরস্কার, জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক পুরস্কার, নবকুঁড়ি নবীন মেলা পদক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা সম্মাননা, শ্যাম-শেফালী স্মৃতি পদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পুরস্কার প্রভৃতি। মূলত আধুনিক গানের শিল্পী হলেও রবীন্দ্র-নজরুলসংগীতেও কম যান না বৈশাখী। ২০০৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে দ্বিতীয় ও নজরুল সংগীতে তৃতীয় হয়েছিলেন বৈশাখী।

ফটিকছড়ির নারায়ণহাট এলাকায় গ্রামের বাড়িতে বৈশাখীর জন্ম হলেও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরেই। আইনজীবী সহকারী মৃদুল কান্তি নাথ ও সমিতা রানী চৌধুরীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বৈশাখী সবার বড়। মা-বাবার আগ্রহে সাংস্কৃতিক পরিমণ্ডলে বৈশাখীর প্রবেশ। প্রথমে মায়ের কাছে গানের তালিম নিলেও পরে চট্টগ্রামের বেশ কয়েকজন গুণী শিল্পীর সাহচর্যে আসেন তিনি।

উচ্চাঙ্গসংগীতেই ঝোঁক থাকলেও পছন্দ করেন আধুনিক ও হারানো দিনের বাংলা গান। ভালো লাগে বাংলাদেশের রুনা লায়লা এবং ভারতের লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গান শুনতে।

বৈশাখী নাথ বলেন, ‘সংগীতকে হূদয়ে ধারণ করে এগিয়ে যেতে চাই বহুদূর। সারা জীবন গানের চর্চা করে যেতে চাই। গায়ক নয়, আমি শিল্পী হতে চাই।’
লেখাপড়ার পাট চুকিয়ে ভারতের শান্তিনিকেতনে সংগীত নিয়ে পড়াশোনা করতে চান বৈশাখী। স্বপ্ন দেখেন একটা সংগীত বিদ্যালয় গড়ে তোলার। আজীবন সুরের সঙ্গেই থাকতে চান। সংগীতেই যে প্রাণ সঁপেছেন তিনি।