সংগীতের নীল-পৃথ্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিলাপী স্টুডিও। এখানে উন্নতমানের সংগীত পাওয়া যায়’ সাইনবোর্ডটির পেছনে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর। সেখানেই বসে আছেন লেজার ভিশন থেকে ঈদে মুক্তি পাওয়া গানের অ্যালবাম ডট-এর দুই কারিগর ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও পৃথ্বীরাজ। একজনের বাবা জয়ন্ত চট্টোপাধ্যায় বিখ্যাত অভিনয়শিল্পী, পৃথ্বীর বাবা তপন কান্তি বৈদ্য প্রখ্যাত সংগীতগুরু। দুজনই ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। প্রথমজন পড়াশোনা করেছেন চিত্রকলায়, দ্বিতীয়জন গাণিতিক অর্থনীতি নিয়ে। একটা জায়গায় দুজনের দারুণ মিল—সেটি হলো গান। দুজনই গান-অন্তঃপ্রাণ। ভালো একটা গানের জন্য নাওয়া-খাওয়া ভুলে যেতে পারেন নির্দ্বিধায়।ডট অ্যালবামের কাজ চলার সময়ও নিশ্চয়ই তেমনটা হয়েছে? ইন্দ্রনীল বলে উঠলেন, ‘সে আর বলতে! গত আড়াই বছর ধরে আমাদের ওপর দিয়ে যা গেছে! রাতের পর রাত আমরা পাগলের মতো কাজ করেছি। তবে মূল ঝড়টা গেছে পৃথ্বীর ওপর দিয়েই।’ পৃথ্বী বলেন, ‘অ্যালবামের কাভারে সুর সংগীত কে করেছে, তা নিয়ে কোনো লেখা নেই। কারণ, সুর সংগীতায়োজনের মূল কাজটা আমি করলেও দাদাভাইয়ের (ইন্দ্রনীল) প্রভাব প্রচুর। অনেক সুর উনি আমাকে ধরিয়ে দিয়েছেন, আমি হয়তো সেটার ওপর কাজ করেছি। তাই এটা আমাদের একটা যৌথ প্রজেক্ট। দুজন একসঙ্গেই কাজটা করেছি।’ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, ‘আমি মূলত কবিতা লিখি। আমার প্রথম গান অবশ্য আমার বন্ধু সজীবের জন্য লেখা। আমার গান লেখার শুরু ওর জন্যই। এই অ্যালবামটায় আমরা চেষ্টা করেছি প্রতিটি গানে একটা শব্দগল্প বলতে। শুধু শোনার জন্য শোনা নয়, আপনাকে গান যেন অন্য একটা জায়গায় নিয়ে যায়। মানুষের চিন্তা, দর্শনের প্রতিফলন যেন থাকে।’ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের গান লেখার অনুপ্রেরণায় আছেন নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, এস এম সুলতান, সঞ্জীব চৌধুরী।‘এই অ্যালবামে “চোখের কোণে” গানটিতে গিটার বাজিয়েছেন বাপ্পা মজুমদার। রোমেল আলী পিয়ানোতে ওয়েস্টার্ন সিম্ফোনি বাজিয়েছেন “নদী” গানটিতে। শেষ মুহূর্তে মিক্সিং মাস্টারিংয়ে অর্ণবদা অনেক সাহায্য করেছেন। এই মানুষগুলোকে ধন্যবাদ না দিলে অপরাধ হয়ে যাবে’—বলছিলেন পৃথ্বী। এ ছাড়া বুনোদা, রাসেল ওনীল, তানভীর আলম সজীব, হামিদুল হাসান প্রত্যেকে অনেক সাহায্য করেছেন।পৃথ্বীর কথা শেষ না হতেই বলে উঠলেন ইন্দ্রনীল, ‘একটা বড় ধন্যবাদ দেব আমার বউ অমিতি কুণ্ডুকে। এই সময়টায় আমাদের প্রথম সন্তান এসেছে। কিন্তু ও সবকিছু সামলে নিয়েছে ঠিকঠাক। কোনো দিন অ্যালবাম নিয়ে আমার পাগলামিকে দোষারোপ করেনি। ও না থাকলে এই অ্যালবাম আজও হতো কি না কে জানে!’ইন্দ্রনীল বলেন, ‘এই অ্যালবাম নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। গান আজকাল যন্ত্রনির্ভর হয়ে গেছে। কিন্তু আমাদের এই অ্যালবামে কোথাও কোনো ডিজিটাল শব্দ ব্যবহার করা হয়নি। ওই যে দেখেন ঝুমুর, নূপুর, রিকশার বেল ইত্যাদি হাজারটা জিনিস ছড়িয়ে-ছিটিয়ে আছে, সবকিছু বাজিয়ে শব্দ ব্যবহার করা হয়েছে। হারমোনিয়াম, গিটার, তানপুরা, তবলা—এসব যন্ত্রও মজুদ আছে সেখানটায়।’‘বহু গান করে পছন্দ না হওয়ায় ফেলে দিয়েছি আমরা। এখানে একটা মজার ঘটনা আছে। অমাদের করা প্রথম গানটা ছিল “তোর ছবি”। গানটা শেষ করে আমার সে কী উত্তেজনা! দাদাভাইকে সঙ্গে সঙ্গে গানটা শোনাতে ইচ্ছে করছে। এদিকে পকেটে নেই টাকা। তো কী হয়েছে! ধানমন্ডি ২৭ নম্বর থেকে সোজা হেঁটে চলে গেছি দাদাভাইয়ের গুলশানের অফিসে।’ বলছিলেন পৃথ্বী। ইন্দ্রনীল বলেন, ‘সেদিন পৃথ্বীর আচরণে গানের প্রতি ওর ভালোবাসার গভীরতাটা বুঝতে পেরেছিলাম।’ডট এর পর কী? ‘অ্যালবাম প্রথমবার যখন হাতে নিলাম, তখন খুব ফাঁকা ফাঁকা লাগছিল। রাতে ঘুমোতে পারিনি। আসলে গত আড়াই বছর চাপটার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে ওটা ছাড়া আর ভালো লাগছে না। ভাবছি, শিগগির আবার চাপ নিয়ে নেব।’ কথাটা বলেই পৃথ্বী সমর্থনের আশায় তাকান ইন্দ্রনীলের দিকে। ইন্দ্রনীল বলেন, ‘আমরা এখন দম নিচ্ছি। একটু সেরে উঠেই কাজ শুরু করব ডট টু-এর। তবে এবার ভাবছি একটা থিম নিয়ে কাজ করব। হতে পারে পুরো অ্যালবামে হয়তো মাত্র একটা বাদ্যযন্ত্র থাকবে। দেখি কী হয়!’