সংগ্রহশালায় শহীদ স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভয়ংকর ও শিহরণ জাগানো সব সংগ্রহ। ভয়ংকর সেই পাকিস্তানি হানাদারদের ধ্বংসযজ্ঞ, বাঙালির ওপর তাদের বর্বর ও অকথ্য নির্যাতন। সংগ্রহশালায় আমাদের বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে সংগৃহীত সব জিনিসপত্র দেখে গা শিউরে ওঠে। সেই শহীদেরা কত না কষ্টের শিকার হয়েছিলেন।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতি সংগ্রহশালা সম্পর্কে বলতে গিয়ে চোখে প্রায় জল এসে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র সহিদুল ইসলামের। আর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের শিক্ষার্থী মতিউর রহমান বললেন, ‘এই সংগ্রহশালাটি টাইম মেশিনের মতো। যে কেউ এটা ঘুরে দেখবে, অতীতে আমাদের ওপর পাকিস্তানিরা কী রকম নৃশংস আচরণ করেছে—এক নিমেষেই তা চোখের সামনে ভেসে উঠবে।’প্রতিটা জাতির ইতিহাসে গৌরবময় কিছু অধ্যায় থাকে। একটি জাতি তার গৌরবময় অধ্যায়ের নিদর্শনগুলো সংরক্ষণ করে বা করতে চায়। আর এ জন্যই সৃষ্টি হয় জাদুঘর বা সংগ্রহশালার। এগুলোর মাধ্যমেই পরবর্তী প্রজন্মের মানুষ তাদের অতীতের গৌরবময় অধ্যায় সম্পর্কে অবগত হতে পারে। এ রকমই একটি সংগ্রহশালা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’।১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি। ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’র পথচলা সেদিন থেকে। কী আছে এর ভেতরে? রাজশাহী কলেজ থেকে পরিদর্শন করতে আসা ইংরেজির শিক্ষার্থী তাসনিম মাহমুদ বললেন, ‘এ সংগ্রহশালাটি মূলত ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৯-এর গণ-আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ প্রভৃতি এবং সংগ্রামের সঙ্গে জড়িত বিভিন্ন উপকরণের সমাবেশ। বিশেষ করে, শহীদদের স্মৃতিবিজড়িত ছবি, তাঁদের ব্যবহূত বিভিন্ন জিনিসপত্র। যেমন পোশাক, বই, চশমা ইত্যাদি যেগুলো সে সময়ের কথা মনে করিয়ে দেয়।’এই সংগ্রহশালা তিনটি গ্যালারিতে বিভক্ত। প্রতিটা গ্যালারিতে ছবিগুলো দেয়ালের সঙ্গে যত্নসহকারে লাগানো রয়েছে। কাচের শোকেসে রাখা হয়েছে উপকরণগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সারোয়াত হোসেন বললেন, ‘প্রথম গ্যালারিতে ঢুকতেই সবার আগে চোখে পড়ল শহীদ ড. শামসুজ্জোহার ওপর। মনে পড়ে গেল ’৬৯-এর গণ-আন্দোলনের ইতিহাসটা। শামসুজ্জোহার ছবির সামনে শোকেসে রয়েছে তাঁর গবেষণা পুস্তক, যার জন্য ১৯৬৪ সালে তিনি লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।’ সে আন্দোলনেই ১৮ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মারা যান ড. শামসুজ্জোহা।শহীদ স্মৃতি সংগ্রহশালা ঘুরে দেখে রাজশাহী কলেজের ভূগোল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আতাউর রহমান বললেন, ‘১৯৫২-এর ভাষাশহীদদের ছবি, ১৯৬৯-এর গণ-আন্দোলনের ছবি, মুক্তিযুদ্ধের ছবি—এসব কিছুই ছবির মাধ্যমে প্রাণবন্ত হয়ে আছে, যেগুলো আমাদের অতীত সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। হূদয়ে জেগে ওঠে দেশপ্রেম। তরুণদের উচিত এই সংগ্রহশালাটা ঘুরে দেখা।’ সহকারী রেজিস্ট্রার মোহা. ইস্পাহানী বললেন, ‘প্রতিদিন ৪০০-র মতো দর্শনার্থী আসে শহীদ স্মৃতি সংগ্রহশালায়। এখানে প্রবেশ করতে কোনো প্রবেশমূল্য লাগে না।’