সংগ্রাম ও সৃজনের দীর্ঘ অধ্যায়ের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী ও সংগীতশিক্ষক মিহির নন্দী l সংগৃহীত
শিল্পী ও সংগীতশিক্ষক মিহির নন্দী l সংগৃহীত

শিল্পী ও সংগীতশিক্ষক মিহির নন্দী ১৯৬২ সালের কোনো একসময় চট্টগ্রাম শহরে এসেছিলেন তাঁর জন্মস্থান সাতকানিয়ার কেওচিয়া গ্রাম থেকে। সে সময় তরুণ ফুটবলার হিসেবে তাঁর খ্যাতি ছিল। বিভিন্ন দলের হয়ে এখানে-ওখানে খেলতেও যেতেন। খেলতেন আর গান গাইতেন। শৈশবেই সংগীতে হাতেখড়ি হয় তাঁর বাবা ফণীন্দ্রলাল নন্দীর হাতে। তাঁর খেলার সঙ্গী ছিলেন পিসতুতো ভাই মৃদুল সেন। ছাত্র ইউনিয়নের কর্মী মৃদুলই সে সময় তাঁকে পরিচয় করিয়ে দিলেন প্রগতিশীল রাজনীতির সঙ্গে।
ধীরে ধীরে তিনিও জড়িয়ে পড়লেন গণমানুষের রাজনীতির সঙ্গে। পাশাপাশি পুরোদমে চলতে লাগল সংগীত ও সংস্কৃতিচর্চা। ১৯৬৪ সালে তিনি নিয়মিত সংগীতশিল্পী হিসেবে চট্টগ্রাম বেতারে অন্তর্ভুক্ত হন। অন্য কোনো পেশায় না গিয়ে সংগীতকেই জীবিকা হিসেবে বেছে নেওয়ার মতো সাহস দেখালেন তিনি। উদ্দেশ্য ছিল প্রগতিশীল রাজনীতি ও সংস্কৃতির ধারা এগিয়ে নিয়ে যাওয়া।
দেশের মানুষ তখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য লড়ছে। ১৯৬৯ সালের স্বৈরশাসনবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে গণ-অভ্যুত্থানে। চট্টগ্রামে বিক্ষুব্ধ শিল্পী সমাজের নেতৃত্বের জায়গায় ছিলেন মিহির নন্দী। সংগ্রামী শিল্পী সমাজের এ আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে হাত ধরাধরি করেই চলছিল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার রাজনৈতিক আন্দোলন যে ধারাবাহিকতায় স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল, সাংস্কৃতিক আন্দোলনও চলেছে সে পথ ধরেই।
১৯৭১ সালে নগরের লালদীঘির ময়দান ও প্যারেড মাঠে বিক্ষুব্ধ শিল্পী সমাজ বড় বড় সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন মিহির নন্দী। সেই সময় প্যারেড ময়দানে শিল্পী সমাজের নাটক চলাকালে খবর আসে, পাকিস্তানি জাহাজ সোয়াত থেকে বাঙালি নিধনের জন্য অস্ত্র নামানো হচ্ছে। তখন দর্শকদের একাংশ অস্ত্র খালাস ঠেকাতে চট্টগ্রাম বন্দরে ছুটে যায়। সাংস্কৃতিক আন্দোলন এভাবেই প্রত্যক্ষ সংগ্রামের প্রেরণা জুগিয়ে ছিল।
একাত্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র গঠিত হলে একজন শব্দসৈনিক হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাম্পে সংগীত পরিবেশন করেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রত্যক্ষ সৈনিক হলেও বিশুদ্ধ সংগীতচর্চা ছাড়েননি তিনি। আর্য সংগীত সমিতিতে নিয়মিত যেতেন গান শিখতে। এ ছাড়া ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, সৌরিন্দ্রলাল সেনের মতো গুণী সংগীত শিক্ষকের কাছ থেকেও তালিম নেন। ১৯৭৪ সালে ভারতের সংগীত শিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের কাছে চট্টগ্রামে মাসব্যাপী রবীন্দ্রসংগীতের তালিম নেন তিনি।
স্বাধীনতার পর উদীচী গঠিত হলে নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হন তিনি। উদীচীর আয়োজনে ১৯৭৩ সালে নগরের ইস্পাহানি পাহাড়ে বাংলা নববর্ষের অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠান আয়োজনের পেছনেও তিনি প্রধান ভূমিকা রাখেন। উদীচী ছাড়াও অগ্রণী সংঘ সংগীত বিদ্যালয় ও আলাউদ্দিন ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন তিনি। যুক্ত ছিলেন শুদ্ধ সংগীতচর্চার সংগঠন ধ্রুব পরিষদ, আনন্দধ্বনি ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে। এভাবে ধীরে ধীরে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষে পরিণত হন তিনি।
সংগীতচর্চার মতো রাজনীতি চলেছে অব্যাহতভাবে। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর সুকান্ত ভট্টাচার্যের কাব্যনাটক অভিযান প্রচারিত হয় টেলিভিশনে, যার সুরারোপ করেছিলেন তিনি। নাটক ছাড়াও বহু গণসংগীতেও সুর দিয়েছেন।
৫ মে রাত ১১টায় দুরারোগ্য ক্যানসারে এই সংগীতসাধকের জীবন থেমে যায়। তাঁর জীবনাবসানের মধ্য দিয়ে শেষ হলো সংগ্রাম ও সৃজনের দীর্ঘ এক অধ্যায়ের।
লেখক: সহসভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী