সংঘাতের অবসান চান দীঘিনালাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা-সংঘাতের অবসান চান খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁরা মনে করেন, উন্নয়নের পূর্বশর্ত হলো স্থিতিশীলতা। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, সৃষ্টি হবে কর্মসংস্থান।দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন অর্থনৈতিকভাবে আগের তুলনায় সচ্ছল। সংঘাতময় পরিস্থিতি থাকলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কমে যাবে।’ তাঁর মতে, গত কয়েক বছরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস অনেকটাই দূর হয়েছে। পরস্পরের মধ্যে গড়ে উঠেছে ব্যবসায়িক এবং সামাজিক সম্পর্ক। একে অপরের উৎসব-অনুষ্ঠানে যোগ দিচ্ছেন উৎসাহের সঙ্গে। এ সম্পর্ক নষ্ট হোক, তা কারও প্রত্যাশিত নয়। খাগড়াছড়ি জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘প্রথমত দরকার সচেতনতা। সংঘাতের মূল কারণ গুজব। গুজবকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এ ছাড়া পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চান, কারণ শান্তির অপর নাম উন্নয়ন।’ দীঘিনালার বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানা বলেন, ‘পাহাড়ি-বাঙালির মধ্যে কোনো সমস্যা হলে সেটিকে সাম্প্রদায়িক রূপ না দিয়ে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। এলাকার সমস্যা সমাধানে উভয় পক্ষের নেতারা এগিয়ে এলে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে।’ উপজেলা হেডম্যান কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপংকর দেওয়ান বলেন, ‘মানুষ এখন উন্নয়নমুখী। দ্বন্দ্ব-সংঘাত এখন আর কেউ চায় না। সবাই চায় শান্তিতে বসবাস করতে। পাহাড়ি-বাঙালির মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ শিক্ষক পঙ্কজ চৌধুরী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাহাড়ি-বাঙালি ছেলেমেয়ে একই বেঞ্চে বসে লেখাপড়া শিখছে। তাদের মধ্যে আন্তরিকতার অভাব নেই।’ কবাখালী বৌদ্ধবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ থেরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি দুইপক্ষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির জন্য কাজ করতে হবে।’বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম বলেন, ‘আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে ব্যবসা করছি। সামাজের অন্যান্য ক্ষেত্রেও ভেদাভেদ কমিয়ে আনতে হবে।’ দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘আমরা যাঁরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করছি তাঁরা একই পরিবারের সদস্য। পরিবারের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হলে সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে।’উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা বলেন, ‘সম্প্রীতি আর শান্তি না থাকলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ত্বরান্বিত হবে না। দ্বন্দ্ব-সংঘাত উভয় সম্প্রদায়ের জন্য ক্ষতিকর।’