সংজ্ঞাহীন মানুষের সজাগ মস্তিষ্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা বা অন্য কোনো আঘাতে সংজ্ঞা হারিয়ে ফেলা মানুষ কেমন থাকে? তারা কি আমাদের কাজকর্ম বুঝতে পারে? তাদের অনুভূতি কি জানাতে পারে? এত দিন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানের ধারণা ছিল যে পারে না। কিন্তু যুক্তরাজ্যের একদল গবেষক বলছেন, সংজ্ঞাহীন মানুষও অনুভূতি প্রকাশ করতে পারে। যুক্তরাজ্যের ওয়েস্টার্ন ওন্টারিও বিশ্ববিদ্যালয়ের ব্রেন অ্যান্ড মাইন্ড ইনস্টিটিউটের ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানী আড্রিয়ান ওয়েনের নেতৃত্বে একদল গবেষক এই গবেষণা করেন। এই পরীক্ষায় যা পাওয়া গেছে, তা এতটাই যুগান্তকারী যে চিকিৎসাবিজ্ঞানের বই নতুন করে লেখা হতে পারে।এক যুগ ধরে অচেতন অবস্থায় রয়েছেন কানাডার বাসিন্দা স্কট রাউটলি (৩৯)। সংজ্ঞাহীন অবস্থায়ই বিজ্ঞানীদের জানালেন, তিনি কোনো কষ্টে নেই। তিনি ১২ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে মারাত্মক আঘাত পান। এর পর থেকে তাঁর শারীরিক কোনো পরিবর্তন দেখা যায়নি, যাতে তিনি সচেতন বা যোগাযোগ করতে সক্ষম তা বোঝা যায়। গবেষকেরা তাঁকে প্রশ্ন করেন এবং একই সঙ্গে মস্তিষ্ক স্ক্যান করেন এফএমআরআই যন্ত্রে। গবেষকেরা তাঁকে কেমন আছেন প্রশ্ন করলে তিনি জানান, তিনি খারাপ নেই। তার এই জবাব ভেসে ওঠে এফএমআরআই যন্ত্রে। এটিই বিশ্বে প্রথম সংজ্ঞাহীন এবং মস্তিষ্কে গুরুতর আঘাতের পরও কারও সঙ্গে যোগাযোগ করার ঘটনা। বর্তমান চিকিৎসাবিজ্ঞানের মতে, বোধশক্তিহীন, অচেতন মানুষ কোমা থেকে এমন একটি অবস্থায় আসে, যখন তাদের চোখ খোলা থাকে কিন্তু নিজ এবং আশপাশের পৃথিবী সম্পর্কে তার কোনো উপলব্ধি থাকে না। কিন্তু এই গবেষণা বলছে, তারা তাদের অবস্থা বোঝাতে পারে।গবেষক ওয়েনের মতে, স্কট রাউটলি কোনো অবস্থাতেই বোধশক্তিহীন নন। তিনি প্রমাণ করেছেন যে তাঁর মস্তিষ্ক সচেতন এবং চিন্তা করার ক্ষমতা আছে। চিকিৎসক জানালেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘এভাবে একজন রোগীকে প্রশ্ন করার ইচ্ছা ছিল আমাদের বহু দিনের, যা সম্ভব হয়েছে। পরে আমাদের ইচ্ছা, তার অবস্থা কীভাবে আরও উন্নত করতে পারি—এ বিষয়ে প্রশ্ন করা। এটি হবে খুবই সাধারণ বিষয়ে। যেমন: বিনোদন ও পরিচ্ছনতা নিয়ে কিছু প্রশ্ন।’স্কটের মা-বাবা সব সময়ই আশা করতেন, তাঁদের ছেলে আঙুল নাড়িয়ে বা চোখের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে তিনি সচেতন। কিন্তু এটি কখনোই ঘটেনি।স্কটের চিকিৎসক স্নায়ুবিদ ব্রায়ান ইয়াঙ্গ বলেন, ‘আমরা বিস্মিত এবং আনন্দিত হয়েছি, যখন দেখতে পেলাম সে উত্তর দিতে পারছে।’ তিনি আরও অনেক রোগী দেখেছেন, কিন্তু কখনোই মনে হয়নি যে এটি সম্ভব। তিনি আরও বলেন, চিকিৎসার বইতে এই পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে।অপর একজন কানাডীয় সংজ্ঞাহীন রোগী স্টিফেন গ্রাহামের ওপরও গবেষণায় দেখা যায় যে তিনি নতুন স্মৃতি সংরক্ষণ করছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল তাঁর বোনের কোনো মেয়ে হয়েছে কি না। তিনি প্রশ্নের সঠিক উত্তর দেন। তাঁর ভাতিজির জন্ম হয়েছে পাঁচ বছর আগে, তাঁর দুর্ঘটনায় সংজ্ঞাহীন হয়ে যাওয়ার পর। বিবিসি।