সংবর্ধনা সভার আড়ালে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে যুদ্ধাপরাধী গোলাম আযমের বই বিতরণ করা হচ্ছে। পটিয়ায় এ রকম একটি অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকেরা দ্রুত পালিয়ে যায়।১২ এপ্রিল বিকেলে পটিয়া থানা থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মুনসেফ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অনুষ্ঠানস্থলে উপস্থিত সংগঠনের নেতা-কর্মীদের কাছ থেকে গোলাম আযমসহ বিভিন্ন বিতর্কিত লেখকের নানা ধরনের বই, ব্যানারসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী ছাত্রী সংস্থা পটিয়া উপজেলা শাখার উদ্যোগে মুনসেফ বাজার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে বিভিন্ন বিদ্যালয়ের পিএসসি ও জেএসসি (প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক) পাস দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণের নামে ওই অনুষ্ঠানের আয়োজন করে। অধিকাংশ ছাত্রী ছিল নেকাব ও বোরকা পরা। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রী সংস্থার দায়িত্বশীল নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা দ্রুত পালিয়ে যায়। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থলে দায়িত্বশীল কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে গ্রেপ্তার করেনি।ইসলামী ছাত্রী সংস্থার পটিয়া শাখার অগ্রগামী সদস্য নুরে জান্নাত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তাঁরা আল্লাহ এবং রাসুলের আদর্শের প্রতি নতুনদের আহ্বান জানাচ্ছেন। তবে তাঁদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। যুদ্ধাপরাধী গোলাম আযমের বই কেন বিতরণ করা হচ্ছে, জানতে চাইলে তাঁরা পুলিশকে জানান, বইটি তাঁদের ভালো লেগেছে। তাই তাঁরা নিজেরা পড়েছেন এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন।পটিয়া থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, ইসলামী ছাত্রী সংস্থা অনুষ্ঠানের ব্যাপারে পুলিশের কাছ থেকে অনুমতি নেয়নি। এ ধরনের সভার কথা জেনে পুলিশ সভাস্থলে গেলে সভাটি পণ্ড হয়ে যায়। তিনি বলেন, ‘কর্ণফুলী কমিউনিটি সেন্টারের মালিক একজন মুক্তিযোদ্ধা হয়ে কীভাবে জামায়াতের অঙ্গসংগঠন এ সংস্থাকে এ ধরনের একটি অনুষ্ঠান করতে দিয়েছেন, তা দেখার বিষয়।’কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বলেন, ‘কিছু বোরকা পরা ছাত্রী পটিয়া সরকারি কলেজের ছাত্রী পরিচয় দিয়ে পুরস্কার বিতরণের কথা বলে কমিউনিটি সেন্টারটি ভাড়া নেন। এখন জানতে পারলাম এরা ইসলামী ছাত্রীসংস্থার সঙ্গে যুক্ত।’