সংবর্ধিত হলেন খাগড়াছড়ির ২২ গুণীজন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার ২২ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে তাঁদের এই সংবর্ধনা দেওয়া হলো। ১৬ এপ্রিল খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের নিয়ে ট্রাক শোভাযাত্রারও আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন হলেন শিক্ষায় নবীন কুমার ত্রিপুরা (মরণোত্তর), অনন্ত বিহারী খীসা, মংসুই প্রু চৌধুরী ও কৃষ্ণ কিশোর চাকমা (মরণোত্তর)। শান্তি ও সম্প্রীতিতে নকুল চন্দ্র ত্রিপুরা (মরণোত্তর) ও হংস ধ্বজ চাকমা (মরণোত্তর)। মুক্তিযুদ্ধে সুলতান আহম্মদ (মরণোত্তর) ও দোস্ত মোহাম্মদ চৌধুরী। সমাজসেবায় নগেন্দ্র নারায়ণ ত্রিপুরা (মরণোত্তর), বাদশা মিয়া সওদাগর (মরণোত্তর), খুলারাম চাকমা ও চাইহ্লা প্রু চৌধুরী (মরণোত্তর)। সংস্কৃতিতে সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরণোত্তর) ও নন্দরানী চাকমা। সাহিত্যে বরেণ ত্রিপুরা ও অশোক কুমার দেওয়ান (মরণোত্তর)। সাংবাদিকতায় সুবোধ বিকাশ ত্রিপুরা ও তরুণ কুমার ভট্টাচার্য। নারী উন্নয়নে ইন্দিরা দেবী চাকমা ও শেফালিকা ত্রিপুরা। ক্রীড়ায় খোকন দত্ত (মরণোত্তর) ও কালাচান দেববর্মণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বহু আগে থেকে করা হয়েছিল। নানা কারণে সেটা হয়ে ওঠেনি। এ বছর সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই প্রথম গুণীজন সংবর্ধনা দেওয়া হচ্ছে। গুণী ব্যক্তিদের সম্মাননা জানানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।