সংবাদ থেকে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

’৭১ সালের মার্চ মাসের কুষ্টিয়া প্রতিরোধ নিয়ে মার্কিন সাংবাদিক ড্যান কগিন টাইম সাময়িকীতে লিখেছিলেন সাড়া জাগানো প্রতিবেদন ‘ব্যাটল অব কুষ্টিয়া’। সেই প্রতিবেদনের সূত্র ধরেই এক প্রবাসী তরুণ নির্মাতা তৈরি করছেন তথ্যচিত্র। পড়ুন বিস্তারিত আড়মোড়া ভেঙে জাগছে শহর কুষ্টিয়া। শীত চলে গেছে, কিন্তু খুব বেশি দূর যায়নি। হালকা কুয়াশাঘেরা এই ভোরবেলাটা যেন শীতেরই ভোর। টুংটাং বেল বাজিয়ে দু-একটা রিকশা আসে। তারই একটায় আমরা চেপে বসি। কুষ্টিয়া শহরজুড়ে ছুটিরদিনের আমেজ। বক চত্বরে কোলাহল নেই। বাস-অটোরিকশার হাঁকডাক নেই। ভ্যানওয়ালাদের তাড়া নেই। শহরজুড়ে কেমন একটা প্রশান্তির আব। গত কয়েক মাসের ‘জ্বালাও পোড়াও’ হরতাল, ভাঙচুর, সহিংসতা যেন এই শহরটাকে স্পর্শ করতে পারেনি।রিকশা থামে রেনউইক কারখানার সদর দরজায়। দরজা পেরিয়ে সামনে এগোলেই নদের পাড়। সকাল সাড়ে সাতটা। গড়াই নদের বুকে চিকচিক করছে সূর্য। নদের পাড়ে ছিপ নিয়ে বসে গেছে মাছশিকারির দল। নদের পাড়ে, কদমগাছের তলায় দাঁড়িয়ে আমরা একজন মুক্তিযোদ্ধার জন্য অপেক্ষা করি। খানিক পর মানুষটাকে আসতে দেখি। একটুখানি খুঁড়িয়ে হাঁটেন। কিন্তু বার্ধক্য এখনো পুরোপুরি কাবু করতে পারেনি তাঁকে। হাসিমুখে এগিয়ে এলেন মুক্তিযোদ্ধা শামসুল হুদা। বসলেন কদমগাছের তলায়। সাতসকালে একাত্তর যেন আরেকবার ফিরে এল গড়াই নদের পাড়ে।‘এই যে এইখানে পাকিস্তানিরা মানুষ মারত। লোকজন ধরে এখানে নিয়ে আসত। জবাই করত। গুলি করত। লাশ ফেলে দিত নদীতে। এই দিকে ছিল রাজাকারদের আস্তানা। ওই যে বাঁধের ওখানটা দেখতেছেন, ওখানে লাশ আটকে থাকত।’ শামসুল হুদা বলে যান।১৯৭১ সালে শামসুল হুদার বয়স ছিল ২২। তখন তিনি কুষ্টিয়া কলেজের ছাত্র। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর থেকে মনে মনে তৈরিই ছিল কুষ্টিয়ার মুক্তিকামী মানুষ।‘৩ মার্চ আমার মা নিজের হাতে পতাকা বানিয়েছিলেন। বাংলাদেশের পতাকা। আমার ছোট ভাই শামসুল হাদী ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হাদী ইসলামিয়া কলেজ মাঠে ইশতেহার পাঠ করে। এভাবে আমাদের পুরো পরিবারই জড়িয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।’ বলছিলেন শামসুল হুদা।তারপর এল ২৫ মার্চ। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল কুষ্টিয়ায়ও। ভয়াল সেই রাতে হুদা পালিয়ে যান বাড়ি থেকে। পালিয়ে ঘুরছিলেন এই গ্রাম থেকে ওই গ্রাম। তারপর ফিরলেন নতুনভাবে সংগঠিত হয়ে।‘আমাদের দায়িত্ব ছিল থানা আক্রমণ করা। ২৯ মার্চ আমাদের আক্রমণ করার কথা ছিল। কিন্তু নানা কারণে সেদিন আর হয়ে ওঠেনি। ৩০ মার্চ ভোর চারটায় আমরা আক্রমণ শুরু করি। পাবলিক লাইব্রেরির পেছনে আমরা আশ্রয় নিই। এর আগে থানা লুট করে রাইফেল পেয়েছিলাম। সেই রাইফেল ছিল হাতে। আমাদের সঙ্গে জেগে উঠেছিল কুষ্টিয়ার সাধারণ মানুষ। হাজারে হাজারে মানুষ। সবার হাতে লাঠি, সড়কি। কেউ ঢোল বাজাচ্ছে, টিন বাজাচ্ছে। সবার মুখে জয় বাংলা। অনেক পাকিস্তানি সেনা ভড়কে গিয়ে পালাতে শুরু করে। পালাতে গিয়ে মারাও পড়ে। ’এই প্রসঙ্গে কুষ্টিয়া প্রতিরোধযুদ্ধের অন্যতম নায়ক লে. কর্নেল (তখন মেজর) এম এ ওসমান চৌধুরীর স্মৃতিকথা স্মরণ করা যেতে পারে।‘৩০ মার্চ সকাল চারটায় তিন দিক থেকে অতর্কিতভাবে কুষ্টিয়া আক্রমণ করি। আক্রমণের সঙ্গে সঙ্গে অনুসরণকারী জনগণের গগনবিদারী জয়ধ্বনিতে বোধ হয় শত্রুপক্ষের মনোবল ভেঙে যায়। ঘণ্টা খানেক তুমুল যুদ্ধের পর আমাদের সেনারা পুলিশ লাইন ও ওয়্যারলেস কেন্দ্রের ভেতর ঢুকে পড়ে শত্রু হনন করতে থাকে। উপায়ান্তর না দেখে সামান্যসংখ্যক শত্রুসেনা তাদের অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে দ্রুতগতিতে তাদেরই সদর দপ্তরের দিকে পালিয়ে যায়। পালানোর প্রাক্কালেও অনেকে নিহত হয়। পুরো দিনের যুদ্ধে একমাত্র তাদের সদর দপ্তর ও পাশের এলাকা ছাড়া সব শহরই আমাদের হস্তগত হয়।’ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড।)গড়াই নদের পাড়ে শামসুল হুদার কাছে ফেরত আসি। পেশায় আইনজীবী এই মানুষটি দুই খণ্ডের বেশ মোটাসোটা একটি বই লিখেছেন কুষ্টিয়ার ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে।সানোয়ারউদ্দিন। সবাই তাঁকে চেনেন রিন্টু নামে। সহযোদ্ধা শামসুল হুদার ফোন পেয়ে চলে এলেন নদের পাড়ে। ১৯৭১ সালে তিনি ছিলেন কুষ্টিয়া হাইস্কুলের ছাত্র। বয়স ১৭।‘মার্চ মাস থেকে আমাদের কাজ ছিল মূলত পোস্টার লাগানো। মাইকিং করা। সাতই মার্চের ভাষণের পর থেকে আমরা প্রস্তুত ছিলাম। বুঝতে পারছিলাম, যুদ্ধ ছাড়া আমাদের সামনে পথ খোলা নেই। ২৫ মার্চ আমি ছিলাম কুষ্টিয়া শহরেই। ৩০ মার্চ আক্রমণের সময়ে আমি মূলত ইপিআরদের খাবার সরবরাহের কাজে ছিলাম। কুষ্টিয়াবাসী সেদিন আমাদের সঙ্গে ছিল। পরে ভারতের বিহারের চাকুলিয়ায় চলে যাই প্রশিক্ষণ নিতে।’ বলছিলেন রিন্টু।পরের গন্তব্য কুষ্টিয়া ওয়্যারলেস অফিস। সারি সারি নারিকেলগাছ। হলদেটে পাকা বাড়িগুলোর পলেস্তারা খসে পড়েছে। সামনের ঘাসের মাঠে মনের সুখে ঘাস চিবোচ্ছে একটা গরু। সূর্য প্রায় মাথার ওপর। সামনে এগোলে চোখে পড়বে সবুজ ধানখেত। দেখে কে বলবে এই এলাকাই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সেই একাত্তরে।‘চলেন, আগে আপনাদের জায়গাটা দেখাই’ বলে হনহন করে ধানখেতের দিকে হাঁটা ধরলেন শহীদুল ইসলাম। আমরাও গেলাম তাঁর পিছু পিছু। ধানখেতের আলের ওপর দাঁড়িয়ে তিনি বলতে শুরু করেন।‘এই যে ধানখেতের ওপাড়ে ছিল পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। ওই যে বিল্ডিংটা দেখছেন, এখান থেকে গুলি ছিটকে এসে লেগেছিল মানিক ঘোষের গায়ে।’মুক্তিযুদ্ধের আরও টুকরা টুকরা গল্প আর ঘটনাপ্রবাহ শুনতে শুনতে আমরা ধানখেতের আল বেয়ে আবার ফেরত আসি বড় রাস্তায়। মাথায় নানা কিছু ঘুরছে। ভারী অস্ত্রে সজ্জিত একটি প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ার সাহস কীভাবে পেয়েছিল গ্রামের সাধারণ সহজ-সরল মানুষ?ঘুরেফিরে প্রায় একই উত্তর দিয়েছেন মুক্তিযোদ্ধারা।‘সাহস আসে ঘৃণা থেকে। যে বৈষম্য আর শোষণ আমাদের ওপর চলছিল, তার কারণেই এই ঘৃণা।’প্রচ্ছদের ছবি: আবদুল হামিদ রায়হান