সংবাদের কলেবর বৃদ্ধি
মনে করুন, খুব সংক্ষিপ্ত একটা সংবাদ। এই সংবাদেরও কলেবর বৃদ্ধি হয়ে যেতে পারে নানা কারণে। কিছু উদাহরণ দিচ্ছেন ইকবাল খন্দকারসংক্ষিপ্ত সংবাদছিনতাইয়ে নেতৃত্ব দেয় সালামত আলী (৩৫)।বর্ধিত কলেবরের সংবাদছিনতাইয়ের নেতৃত্ব সালামত আলী (৩৫) দিলেও ৩৫ কিন্তু সালামতের প্রকৃত বয়স নয়। এটা তার এসএসসি সার্টিফিকেটের বয়স। তার মা-বাবা এবং নিকটাত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে যে জন্মতারিখটা জানা গেছে, সে অনুযায়ী হিসাব করলে তার বয়স দাঁড়ায় ৩৮ বছর ছয় মাস ১৩ দিন। এদিকে ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স হয়েছিল ৪০ বছর। সম্ভবত তাড়াতাড়ি ভোটার বানানোর জন্য বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল।সংক্ষিপ্ত সংবাদমৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।বর্ধিত কলেবরের সংবাদমৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে রেখে যান ঠিকই, তবে সব ছেলেমেয়ে যে তাঁর বর্তমান বউয়ের ঘরের, তা কিন্তু নয়। এর আগে তিনি যাঁকে বিয়ে করেছিলেন, তাঁর ঘরের হচ্ছে দুই ছেলে, এক মেয়ে। আর এই যে অসংখ্য গুণগ্রাহী রেখে যাওয়ার ব্যাপারটা, এখানেও একটু সমস্যা হয়ে গেছে। মৃত্যুর আগে অনেকেই তাঁর কাছ থেকে সুবিধা পেতেন বলে গুণগ্রাহীর পরিমাণও বেশি ছিল। তার মানে তিনি অসংখ্য নয়, বরং কিছুসংখ্যক গুণগ্রাহী রেখে যান।সংক্ষিপ্ত সংবাদমৃদু ভূকম্পন অনুভূত হয় আজ সকাল আটটায়।বর্ধিত কলেবরের সংবাদমৃদু ভূকম্পন যখন অনুভূত হয়, তখন ঘড়িতে আটটা বাজলেও সব ঘড়িতে আটটা বাজছিল না। হাতঘড়িতে বেজেছিল আটটা এক, দেয়ালঘড়িতে আটটা এক বেজে আরও প্রায় ৩০ সেকেন্ড বেশি বেজেছিল আর মোবাইলের ঘড়িতে বেজেছিল সাতটা ৫৯ মিনিট। টিভির ঘড়িতে ঠিক কয়টা বেজেছিল, খেয়াল করা হয়নি। আর এই যে আটটার কথা বলা হলো, এটা কিন্তু স্থানীয় সময়। তখন নিউইয়র্ক সময় এতটা, লন্ডন সময় এতটা, আর সৌদি আরব সময় ছিল এতটা।সংক্ষিপ্ত সংবাদরাজধানী থেকে মডেল টাউনে পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট।বর্ধিত কলেবরের সংবাদরাজধানী থেকে মডেল টাউনে পৌঁছাতে পাঁচ মিনিট সময় লাগবে বটে, তবে যেতে হবে বিমানে। হাতের কাছে বিমান না পাওয়ার কারণে যদি প্রাইভেটকারে যান, তা হলে সময় লাগবে আধঘণ্টা। মুড়ির টিন মার্কা বাসে গেলে এক ঘণ্টা। যদি রাস্তায় যাত্রী ওঠানো-নামানো সংক্রান্ত কারণে লেট করে, তা হলে যতক্ষণ লেট করবে, সেটি যোগ হবে মূল সময়ের সঙ্গে। যদি সাইকেলে যান, তা হলে লাগবে পাঁচ ঘণ্টা। আর হেঁটে গেলে অবশ্যই দিনের মধ্যে পৌঁছতে পারবেন।সংক্ষিপ্ত সংবাদতমুক অনুষ্ঠানে লাখো মানুষের ঢল।বর্ধিত কলেবরের সংবাদঅনুষ্ঠানে লাখো মানুষের ঢল নেমেছিল। এটা সাধারণ হিসাব। যাঁরা একটু ভালোভাবে গুনেছেন, তাঁদের পরিসংখ্যান মতে, অনুষ্ঠানে মানুষ এসেছিল অনলি ৮০ হাজার। এর চেয়েও সূক্ষ্মভাবে যাঁরা গুনেছিলেন, তাদের পরিসংখ্যান মতে, মানুষ এসেছিল ৮০ হাজার ৩০০। আবার কেউ কেউ কীভাবে গুনেছেন জানি না, তাঁদের মতে, মানুষের সংখ্যা এক লাখ ২০ হাজার। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে মানুষের সংখ্যা কোনোভাবেই ৯০ হাজারের বেশি হবে না।