কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর ওপর নির্মিত গর্জনিয়া সেতু তিন মাস ধরে কার্যত অচল। গত জুন মাসে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সংযোগ সড়ক বিলীন হয়ে সেতু পেরিয়ে নদী এগিয়ে এসেছে প্রায় ৫০ গজের মতো। ফলে নদী পারাপারের ভরসা এখন বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির অন্তত দেড় লাখ মানুষ। বন্ধ রয়েছে যানবাহন চলাচলও।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ অংশের সংযোগ সড়ক বিলীন হয়ে গেছে। ওই অংশে প্রবাহিত হচ্ছে নদীর পানি। তার ওপর নড়বড়ে দুটি বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন লোকজন।
স্থানীয় লোকজন জানান, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে লোকজন পারাপার করলেও সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর কোনো উদ্যোগ নেই। এতে তিন মাস ধরে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারী ও ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক জানান, যানবাহন চলাচল বন্ধ থাকায় লক্ষাধিক মানুষ বন্দিজীবন কাটাচ্ছে।
প্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। ব্যাহত হচ্ছে উন্নয়ন কার্যক্রম। স্থানীয় চাষিরাও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
গর্জনিয়ার কৃষক নুরুল আমিন বলেন, ‘যেকোনো সময় বাঁশের সাঁকো দুটি ভেঙে পড়তে পারে। দ্রুত সংযোগ সড়ক সংস্কার করে গর্জনিয়া সেতু চালু করা হোক।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৫ সালে প্রায় তিন কোটি টাকা খরচ করে গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের সংযোগস্থল বাঁকখালীর নদীর ওপর ১৬০ দশমিক ১৭৫ মিটার দৈর্ঘ্যের গর্জনিয়া সেতুটি নির্মাণ করে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আয়েশা খানম চৌধুরী জানান, জুন মাসের ভয়াবহ বন্যায় বাঁকখালী নদীর প্রবল স্রোতে সম্রাট শাহ সুজা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গর্জনিয়া সেতুটি। তাৎক্ষণিকভাবে উদ্যোগ না নেওয়ায় সেতুর সংযোগ সড়কটি নদীতে বিলীন হয়। সেতুটি অচল থাকায় এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে অভাব অনটন। আয় রোজগার না থাকায় গর্জনিয়ার মানুষ ঈদ করতে পারেনি। এদিকে ডিঙি নৌকা নিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে গত ১৯ আগস্ট নৌকাডুবির ঘটনায় গর্জনিয়ার পূর্ব বোমাংখিল গ্রামের নুরুল আমিন (২৬) ও ক্যাজরবিল গ্রামের আশীষ কুমার (২৭) মারা গেছেন। বিভিন্ন সময় আহত হয়েছে নারী শিশুসহ অন্তত ৪০ জন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, সংযোগ সড়কটি নির্মাণের জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম এ ব্যাপারে সহযোগিতা করছেন। বাঁকখালী নদীর গতিপথ পরিবর্তন করা না গেলে সেতুটি আরও ঝঁুকির মুখে পড়বে।
এ প্রসঙ্গে এলজিইডি রামু উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, গর্জনিয়া সেতু রক্ষার জন্য গত বছর বাঁকখালী নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। পরে পলি জমে ওই অংশ পুনরায় ভরাট হয় এবং গত জুনের বন্যার পানিতে সেতুর সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। ভাঙা সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারকাজ শুরু হবে।