সংযোগ সড়ক নেই কাজে আসছে না সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা-সোনাদিয়া সংযোগ সড়কের নির্মাণকাজ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এ কারণে ২০০৬ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু সংযোগ সড়কের অভাবে জনগণের কাজে আসছে না। এলাকাবাসীর পক্ষ থেকে সংযোগ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগও উঠেছে। মাটির পরিবর্তে বালু দিয়ে সংযোগ সড়কের কাজ করায় সড়ক ভেঙে গেছে বলে অভিযোগ আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা-সোনাদিয়া সেতুর সংযোগ সড়কের কাজ ২০০৯ সালের ডিসেম্বরে শুরু হয়। নির্মাণকাজ শেষ না হতেই গত বছরের জুন ও জুলাইতে তা আবার সাগরে বিলীন হয়ে যায়। এ কারণে সোনাদিয়ার প্রায় ১০ হাজার অধিবাসীকে নৌপথে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বালু দিয়ে নির্মাণ করা সংযোগ সড়কটি সাগরে বিলীন হয়ে গেছে। সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের কোনো কাজ হয়নি। সংযোগ সড়ক নির্মাণ করতে কোনো শ্রমিককে দেখা যায়নি।ঘটিভাঙ্গার বাসিন্দা ফরিদুল আলম ও নুরচ্ছবি বলেন, ‘২০০৯ সালের ডিসেম্বরে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করে ঠিকাদার। সংযোগ সড়কের কাজ মাটি দিয়ে করার নিয়ম থাকলেও মাটির পরিবর্তে বালু ব্যবহার করে ঠিকাদার। এতে এলাকার লোকজন বাধা দিলেও কোনো কাজ হয়নি।’ এলাকাবাসী জানান, গত বছরের জুন ও জুলাইতে বালু দিয়ে নির্মাণ করা সংযোগ সড়ক সাগরে বিলীন হয়ে গেলেও তা সংস্কার করা হয়নি। ঠিকাদারের লোকজন এসে কিছুদিন কাজ করলেও পরে বন্ধ রেখে চলে যায়। এ কারণে গত বছরের নভেম্বর থেকে সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, ‘মাটি না দিয়ে শুধু বালু দিয়ে সংযোগ সড়ক করার দুই মাসের মধ্যে তা সাগরে বিলীন হয়েছে। সোনাদিয়া এলাকার জনসাধারণের যাতায়াতের জন্য প্রায় পাঁচ কোটি টাকা ব্যায়ে দুইটি সেতু নির্মিত হলেও চার বছর ধরে তা জনগণের কাজে আসছে না। ফলে তিনি জরুরি ভিত্তিতে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।’ উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কে ২০০৬ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়। এরপর সংযোগ সড়কের জন্য স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ২০০৯ সালের জুলাইতে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ দেয়। সংযোগ সড়কের নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কাসেম কনস্ট্রাকশন। নির্মাণকাজ গত বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। তবে সংশ্লিষ্ট নির্মাণকাজে দায়িত্বরত তদারকি কর্মকর্তা (এসও) উপসহকারী প্রকৌশলী নুর আহমদ জানান, ‘মাটির পরিবর্তে সংযোগ সড়কে বালু ব্যবহার করায় দুই মাসের মধ্যে তা আবার বিলীন হয়ে যায়। এ ছাড়া সংযোগ সড়কে নিম্নমানের ইট বসানো হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।’ তবে সংশ্লিষ্ট নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবুল কাসেম তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘সেতুর পাশে কয়েকবার সংযোগ সড়ক করা হলেও সাগরের ঢেউয়ের কারণে তা বিলীন হয়ে যাচ্ছে। ফলে টেকসই সংযোগ সড়ক নির্মাণের স্বার্থে পাশে গাইড ওয়াল (দেয়াল) নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তবে সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ থাকলেও সেতুর অবশিষ্ট একটি স্প্যানের কাজ চলছে।’ সংযোগ সড়ক নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন। তিনি বলেন, ‘বালু দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করার দুই মাসের মধ্যে তা সাগরে বিলীন হয়ে গেছে। এ কারণে মাটি ব্যবহার করে ও পাশে গাইড ওয়াল দিয়ে সংযোগ সড়ক নির্মাণকাজ করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।’