সংযোগ সড়কের অপেক্ষায় ১৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু হয়েছে ১৪ বছর আগে। এখনো হয়নি সংযোগ সড়ক। ফলে পানছড়ি উপজেলার লোগাং শান্তি নগর-আনন্দ মোহন কার্বারিপাড়া সড়কে ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক এলাকাবাসীর কাজে আসছে না। বরং দুর্ভোগ বেড়েছে।উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, লোগাং ইউনিয়নের মাচ্ছ্যোছড়ার ওপর ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে এ সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এরপর সংযোগ সড়কের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি।সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে সেতুটি প্রায় ছয় ফুট উঁচুতে। একদিকে ধানি জমি। অন্যদিকে পাহাড়ি পথ। বর্তমানে দুর্ভোগ সত্ত্বেও প্রতিদিন অর্ধশত শিক্ষার্থী ও শত শত মানুষ যাতায়াত করছে এ সেতু দিয়ে। তবে আশপাশের লোকজন বেশি সমস্যায় পড়েন হাটের দিন। শান্তি নগরপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতি বৃহস্পতিবার ও রোববার হাটের দিনে আনন্দ মোহনপাড়া, সুচেন্দ্রপাড়া, মাচ্ছ্যোছড়া এলাকার শত শত মানুষ উৎপাদিত শস্য অনেক কষ্টে করে কাঁধে করে বাজারে নিয়ে যায়। সংযোগ সড়ক হলে অন্তত জিপ (চাঁদের গাড়ি) চলাচল করতে পারত। তাহলে আমাদের কষ্টটা কমত।’ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতু মানুষের কাজে আসছে না। শিগগির সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, তখন অর্থের অভাবে সংযোগ সড়ক করা হয়নি। সংযোগ সড়ক করার জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।