‘দিনটি ছিল মঙ্গলবার, ১৩ বৈশাখ, ঘড়ির কাঁটা তখন রাত আটটা ছুঁই ছুঁই। বাবা আর জেঠাদের নিয়ে রাতের আহার মুখে দিচ্ছি—এমন সময় কানে এল পাকিস্তানি বাহিনীর কণ্ঠ “তুম সবলোগ হামারি সাথ চালো, সব হাজাম (নাপিত) কো পাস মিলেগা” (তোমরা আমাদের সঙ্গে আসো, তোমাদের সব নাপিতকে পাস দেওয়া হবে)। কে জানত এই পাস (পরিচয়পত্র) দেওয়ার নাম করে গ্রামের ৪০ জন হতভাগ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে?’ চোখের পানি মুছতে মুছতে প্রশ্নের সুরে স্বজন হারানোর কথাগুলো বলছিলেন মধ্যম পতেঙ্গার পূর্ব শীলপাড়ার বাসিন্দা সুকুমার শীল। ১৯৭১ সালের ২৭ এপ্রিল এই পাড়ার ৪০ জন মানুষকে পাস (পরিচয়পত্র) দেওয়ার নাম করে পুরোনো বিমানবন্দরের পোড়াপাড়ার কামালটিলায় নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেখানে আগে থেকে তৈরি একটি কবরের কিনারায় দাঁড় করিয়ে মধ্যরাতে তাঁদের এলোপাতাড়ি গুলি করা হয়। এর মধ্যে ৩৬ জন মৃত্যুবরণ করলেও গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বেঁচেছিলেন সুকুমার শীলের বাবাসহ চারজন। সুকুমার শীলের মতো মঙ্গল চাঁদ শীল, বাবুল কুমার শীল, কর্ণ মোহন শীল, নারায়ণ শীলসহ পাড়ার অনেকেই এখনো সেই কালো রাতের কথা স্মরণ করে নিভৃতে কেঁদে ওঠেন। ছোট দুই চাচাসহ তিনজন নিকটাত্মীয়কে হারানো মঙ্গল চাঁদ শীল বলেন, ‘ওই দিন ঘরের পেছনে তরমুজ খেতে পালিয়ে নিজেকে রক্ষা করি। তবে পাক শত্রুর পাতা ফাঁদে পা দিয়েছিলেন আমার দুই চাচা ও জেঠা। দুই চাচা মারা গেলেও প্রাণে বেঁচে এসেছিলেন জেঠা লাল মোহন শীল। তাঁর কাছে শুনেছি, পোড়াপাড়া ও চরবস্তির মাঝখানে কামানটিলায় নিয়ে তাদের সবার হাত বেঁধে দাঁড় করিয়ে মেশিনগান থেকে গুলি চালানো হয়েছিল। মৃত্যুগুহাটি খনন করেছিলেন চরবস্তি এলাকার স্থায়ী বাসিন্দা আবুল কালামসহ আরও পাঁচজন। স্মৃতিচারণ করতে গিয়ে আবুল কালাম বলেন, ‘পাকিস্তানি বাহিনী আমাদের পাঁচজনকে ধরে নিয়ে একটি গর্ত খননের নির্দেশ দেয়। পাঁচ থেকে ছয় ফুট গভীর এই গর্ত খনন শেষে আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে মধ্যরাতে গুলির শব্দে আমার ঘুম ভাঙে।’জানা যায়, ১৯৭২ সালে সরকারিভাবে চট্টগ্রামের বধ্যভূমি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হলে এই বধ্যভূমিটিও চিহ্নিত করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব উল আলম বলেন, ‘১৯৭২ সালের জানুয়ারি মাসে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এটি খনন করা হয়েছিল। সামান্য খননের পরই একে একে বের হয়ে আসছিল কারও মাথার খুলি, কারও গায়ের গামছা, কারও হাতের ঘড়ি, কারও খড়ম কিংবা চশমা। লাশের পচা গন্ধে তখন আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিল।’জানা যায়, ১৯৯৯ সালের ৮ অক্টোবর এই বধ্যভূমি নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চারিদিকে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০০০ সালের ডিসেম্বরে এটি খনন করেন। এর ভেতর থেকে পাওয়া হাড়গোড় তুলে এনে নগরে অনুষ্ঠিত বিজয় মেলায় প্রদর্শনের ব্যবস্থা করেন তৎকালীন সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী। ঘোষণা দেওয়া হয় নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের। কিন্তু ২০০১ সালের নির্বাচন ও সরকার পরিবর্তনের পর বিষয়টি চাপা পড়ে যায়। স্থানীয় বাবুল কুমার শীল আক্ষেপ করে বলেন, ‘ওই বধ্যভূমিতে মিশে আছে আমার বাবা, বোনের স্বামীসহ এই পাড়ার আরও বহু স্বজন। কিন্তু এটি সংরক্ষণের পরিকল্পিত কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। এটা বড়ই দুঃখের।’ স্থানীয় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জানে আলম বলেন, ‘বর্তমান বিমান বন্দরটি তৈরির সময় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে বধ্যভূমিটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতো।’স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল আবছার জানান, বধ্যভূমিটি বিমান বন্দরের সংরক্ষিত এলাকা অর্থাৎ রানওয়ের ভেতর অবস্থিত হওয়ায় সেখানে কিছু করা সম্ভব নয়। তাই এ ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।