সংরক্ষিত ওয়ার্ডেও আ.লীগ-বিএনপির একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ ১৪টি। এসব পদে প্রার্থী ৬২ জন। বেশির ভাগ ওয়ার্ডেই প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণের মতো সংরক্ষিত ওয়ার্ডেও বিএনপির চেয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর সংখ্যা বেশি।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ৩৫, বিএনপির ১৯, জাতীয় পার্টির ১, জামায়াতে ইসলামীর১ ও স্বতন্ত্র ৬। বিএনপি ১৪ ওয়ার্ডের মধ্যে ১২ প্রার্থীকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ কোনো ওয়ার্ডেই কাউকে প্রত্যক্ষ সমর্থন দেয়নি।
সংরক্ষিত ১৪ ওয়ার্ডের মধ্যে ১১টিতে আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী। বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে। একটি ওয়ার্ড জামায়াত ইসলামীকে ছেড়ে দিয়েছে বিএনপি। একটিতে বিএনপির একক প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ছয়টিতে একক প্রার্থী রয়েছেন বিএনপির।
১৪ ওয়ার্ডের মধ্যে কেবল ৫, ৬ ও ১৩ নম্বরে একক প্রার্থী দিতে পেরেছে আওয়ামী লীগ। বিএনপির একক প্রার্থী রয়েছেন ১, ৩, ৭, ৮, ১২ ও ১৪ নম্বরে।
১ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থন পাওয়া একক প্রার্থী নাসিমা আলম। এখানে বাকি দুজন আওয়ামী লীগের প্রার্থী। ২ নম্বর ওয়ার্ডের পাঁচ প্রার্থীর দুজন আওয়ামী লীগ, দুজন বিএনপি ও একজন স্বতন্ত্র। এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খানের সঙ্গে আছেন আওয়ামী লীগের অশ্রু চৌধুরী। বিএনপির সমর্থন পাওয়া শাহে নেওয়াজ চৌধুরীর সঙ্গে আছেন বিদ্রোহী প্রার্থী শামসুন নাহার। সিরাজুন নূর বেগম স্বতন্ত্র প্রার্থী।
৩ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির একক প্রার্থী সায়মা হক। মাহমুদা সুলতানা দাঁড়িয়েছেন স্বতন্ত্র পদে। বাকি তিনজন জাহানারা বেগম, ইয়াছমিন সরওয়ার ও জেসমিন পারভীন আওয়ামী লীগের প্রার্থী।
সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ নম্বর ওয়ার্ডে। এখানে প্রার্থী ১০ জন। এর মধ্যে ছয়জন আওয়ামী লীগের, দুজন বিএনপির আর দুজন স্বতন্ত্র।
৫ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দাঁড়াতে পেরেছেন নাসরিন আকতার। মনোয়ারা বেগম ও সৈয়দা শাহান আরা বেগম বিএনপির প্রার্থী। ৬ নম্বরে দুজন প্রার্থীর মধ্যে সাহেদা কাশেম আওয়ামী লীগ ও ফারজানা পারভীন জামায়াত-সমর্থিত।
৭ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর পাঁচজনই আওয়ামী লীগের। গতবারের বিজয়ী এ ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর আনজুমান আরা বেগম এবারও প্রার্থী হয়েছেন। এক ওয়ার্ডে এত আওয়ামী লীগের প্রার্থী সম্পর্কে প্রথম আলোকে তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রামে সবসময় আমিই থেকেছি। কিন্তু এখন নির্বাচনের সময় আওয়ামী লীগের নামধারী আরও চারজন দাঁড়িয়ে গেছে। নেতাদের কাছে একক প্রার্থী নির্ধারণ করে দিতে অনেক আকুতি জানিয়েছি। কিন্তু তাঁরা এগিয়ে আসেননি।’
৮ নম্বর ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী আরজুন নাহার। বাকি দুজন রেখা আলম চৌধুরী ও নীলু নাগ আওয়ামী লীগের প্রার্থী। ৯ নম্বরে বিএনপির একক প্রার্থী খালেদা বোরহানের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজনই আওয়ামী লীগের।
বিএনপির সবচেয়ে বেশি প্রার্থী ১০ নম্বর ওয়ার্ডে। এখানে সাত প্রার্থীর চারজন বিএনপি ও তিনজন আওয়ামী লীগের। এ ওয়ার্ডে বিএনপি সমর্থন দিয়েছে জেসমিন খানমকে। তবে বিএনপির আরেক প্রার্থী সুলতানা বেগমও নিজেকে দলের সমর্থন পাওয়া বলে দাবি করলেন। তিনি বলেন, ‘আমার নেতা খসরু ভাইয়ের অনুরোধে গতবার নির্বাচন করিনি। উনি তখন আমাকে বলেছিলেন ২০১৫ সালে আমি এ ওয়ার্ডে বিএনপির একমাত্র প্রার্থী থাকব। সে হিসেবে আমিই বিএনপি সমর্থিত প্রার্থী।’
১১ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর দুজন আওয়ামী লীগ ও দুজন বিএনপির। ১২ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে বিএনপির একক প্রার্থী শাহিদা খানম। বাকি দু প্রার্থী আফরোজা জহুর ও দিলুয়ারা চৌধুরী আওয়ামী লীগের।
১৩ নম্বর ওয়ার্ডের চার প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ আওয়ামী লীগের একক প্রার্থী। এ ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী জোৎস্না বেগম। রাবেয়া বশরি দাঁড়িয়েছেন জাতীয় পার্টি থেকে। কাওসার পারভীন স্বতন্ত্র। ১৪ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর দুজন আওয়ামী লীগের, একজন বিএনপি ও একজন স্বতন্ত্র।
একাধিক প্রার্থীর বিষয়ে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, ‘একক প্রার্থী নির্ধারণের চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বলেই এ উদ্যোগটি সফল হয়নি আমাদের। এ কারণে কাউকে দল থেকে আমরা সমর্থনও করিনি। অবশ্য একাধিক প্রার্থী কমানোর প্রচেষ্টা নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে।’
আর মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্থানীয়ভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। এতে ৮০ শতাংশ সফল হয়েছি। দুই-একটা ওয়ার্ডে পারিনি। তবে যেহেতু আমরা দলে গণতন্ত্রচর্চা করি এজন্য কাউকে বাধা দেইনি। তার পরও একাধিক প্রার্থী যেখানে আছে তাদের বলেছি স্থানীয়ভাবে নিজেরা বসে যেন করণীয় ঠিক করে।’