কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত পাহাড় ও বন দখল করে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তৈরি করছে বসতবাড়ি। গত কয়েক মাসে এসব পাহাড়ে কমপক্ষে ৪০ হাজার রোহিঙ্গা জড়ো হয়ে বসতি করেছে। এর আগে এখানে বসতি গাড়ে আরও প্রায় এক লাখ রোহিঙ্গা। ফলে এলাকার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, উখিয়া টেলিভিশন সম্প্রচারকেন্দ্রের দক্ষিণ ও পশ্চিম দিকের পাহাড়ে সংরক্ষিত বনের গাছ কেটে তৈরি করা হয়েছে কয়েক হাজার ঝুপড়িঘর। পাশের আরও কয়েকটি পাহাড়ে দেখা গেছে বনের গাছ কেটে ঘর তৈরি করা হচ্ছে। সেখানে কথা হয় কামাল আহমদ (৪৪) নামের এক রোহিঙ্গার সঙ্গে। তিনি জানান, তিন মাস আগে নাফ নদী অতিক্রম করে তিনি মিয়ানমারের মংডু থেকে স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেন। দেড় মাস আগে টেকনাফ থেকে সড়ক পথে উখিয়ার এই পাহাড়ে আশ্রয় নেন। থাকার আর কোনো জায়গা নেই বলে পাহড়ের পাদদেশে ঘর তৈরি করে থাকছেন। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, রাতের অন্ধকারে রোহিঙ্গারা দল বেঁধে বনে ঢোকে এবং গাছ কেটে ঘরবাড়ি তৈরি করে। বাধা বা উচ্ছেদ করতে গেলে রোহিঙ্গারা বনকর্মীদের ওপর হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করে। যৌথ অভিযান ছাড়া লাখো রোহিঙ্গাকে উচ্ছেদ করা বন বিভাগের পক্ষে সম্ভব নয়। স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকায় রোহিঙ্গা বসতি বাড়ায় শ্রমবাজার হারাচ্ছেন স্থানীয় শ্রমিকেরা। এ ছাড়া মাদকব্যবসা চুরি-ডাকাতিসহ নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এখানকার অন্তত ৪০ হাজার রোহিঙ্গা পুরুষ দিনের বেলায় বিভিন্ন স্থানে গিয়ে শ্রমিকের কাজ করছে। সস্তায় পাওয়া যায় বলে অনেকে স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে খাটাচ্ছেন।উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, উখিয়া টেকনাফসহ কক্সবাজারের শ্রমবাজার এখন রোহিঙ্গাদের দখলে। জেলার বিভিন্ন স্থানে বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা অবৈধ বসতি গড়েছে। এদের বেশির ভাগ চুরি ডাকাতিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের কারণে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন করেও ফল পাওয়া যাচ্ছে না। কুতুপালং রোহিঙ্গা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার রাকিব বলেন, কয়েক শ একরের বিশাল পাহাড়ে বর্তমানে ছয় হাজার ৭৭২টি ঝুপড়ি ঘরে বসতি করছে প্রায় এক লাখ রোহিঙ্গা। মিয়ানমারে যেমন তাঁরা নাগরিকত্ব পাচ্ছেন না, তেমনি বাংলাদেশেও বসবাসের স্বীকৃতি পাচ্ছেন না। সরকার শরণার্থী হিসেবে তাঁদের তালিকাভুক্ত করলে অন্তত দুইবেলা খাবার জুটত। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, বর্তমানে জেলার পাহাড় জঙ্গল দখল করে কয়েক লাখ রোহিঙ্গা অবৈধ বসতি করলেও তাঁদের নিজ দেশে ফেরত যেতে হবে। এ ব্যাপারে সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। নতুন করে যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে, সে ব্যাপারে সীমান্তে বিজিবি টহল জোরদার রাখা হয়েছে।