সংরক্ষিত বনভূমি দখল করে বসতি স্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে বসতি স্থাপন করে লোকজন অবাধে পাহাড় কাটছে। ইতিমধ্যে সংরক্ষিত বনভূমি দখল করে অন্তত ৬০ হাজার মানুষ অবৈধভাবে বসবাস করছে বলে বন বিভাগ জানায়। তারা পাহাড় কেটে, গাছ কেটে নানাভাবে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। কিন্তু বন বিভাগ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ১৯৭১ সালের পর বিভিন্ন এলাকা থেকে অসহায় লোকজন এসে বনভূমি অবৈধ দখল করে বসবাস করছে। এসেই বসতবাড়ি বানাতে পাহাড় কাটে। কিন্তু বন বিভাগ চোখ একেবারে বন্ধ করে রেখেছে। অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিরা বন বিভাগের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই এসব করছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের মধ্যে সংরক্ষিত বনভূমির ভেতরে পাহাড় কেটে ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে স্থানীয় লোকজন বসতি স্থাপন করছে।হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনার বাসিন্দা নুরুল হোছাইন প্রথম আলোকে জানান, কোনো বাধা পাচ্ছে না বলেই এভাবে বসতি স্থাপন চলছে। শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও নুরুল আনোয়ার বলেন, স্থানীয় বনকর্মীদের ম্যানেজ করে প্রকাশ্যে সংরক্ষিত বনে পাহাড় কেটে বসতি স্থাপন চলছে। এ জন্য তাদের কাছে অভিযোগ করলেও কোনো কাজ হয় না। শাপলাপুর ইউনিয়নের জেমঘাট পশ্চিম পাহাড়ি এলাকায় বসবাসরত মোহাম্মদ ইদ্রিচ (৪২), কবির আহমদ (৫০) ও আয়েশা বেগম (৪৮) জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে ধলঘাটায় আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এরপর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে মহেশখালীর সংরক্ষিত বনভূমিতে এসে আশ্রয় নিই এবং পরে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছি। একই কথা বললেন,হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়ার পাহাড়ি এলাকায় বসবাসরত আমির হোসেন ও জয়নাল আবেদিন।এ প্রসঙ্গে জানতে চাইলে উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, উপকূলীয় এলাকার লোকজন গৃহহারা হয়ে নিরাপদ স্থান হিসেবে মহেশখালীর সংরক্ষিত বনভূমিতে আশ্রয় নেয়। পরে তারা সংরক্ষিত বনের ভেতরে পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন করে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, নতুন করে পাহাড় যাতে আর না কাটে তার জন্য স্থানীয় লোকজনকে নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে। মহেশখালী বন বিভাগ সূত্র জানায়, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার একরের সংরক্ষিত পাহাড়ি বনভূমি অবৈধ দখলে রয়েছে। এসব বনভূমির ওপর জবরদখল করে অন্তত প্রায় ৬০ হাজার লোকজন বসবাস করছে। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় ও বাইরের লোকজন সংরক্ষিত পাহাড়ি বনভূমিতে জবর দখল করে ছোট-বড় মিলে ১২ হাজার অবৈধ ঘর নির্মাণ করেছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ইতিমধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। তবে পাহাড় কাটা বন্ধ করতে বনকর্মীরা চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।