কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রায় ১০ হাজার একর সংরক্ষিত পাহাড়ি বনভূমি অবৈধ দখলে চলে গেছে। এসব বনভূমিতে গড়ে উঠেছে বসতবাড়ি ও পানের বরজ। অভিযোগ রয়েছে, অবৈধ দখলে থাকা এসব বনভূমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বন বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় স্থানীয় লোকজন পাহাড়ের ঢালুতে সংরক্ষিত বনভূমিতে বসতি স্থাপন করে বসবাস করছে। কিছু স্থানে দখলদারেরা পাহাড় কেটে গড়ে তুলেছে পানের বরজ। নাম প্রকাশে অনিচ্ছুক কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পানের বরজ স্থাপনের জন্য রাতে পাহাড় কাটে।এ ছাড়া ছিন্নমূল অনেক পরিবারও বনভূমিতে বসতঘর তুলে বসবাস করছে।কালারমারছড়ার ঝাপুয়ার পূর্বপাশে বনভূমিতে বসবাসরত আবদুল মোনাফ (৪৫), আনোয়ার হোসেন (৫৪) ও হালিমা বেগম (৫০) বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছি। অন্যত্র গিয়ে যে বসতবাড়ি নির্মাণ করার মতো সার্মথ্য নেই।’কেরুনতলী বিটের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘দখলদারদের উচ্ছেদে এখনই ব্যবস্থা নিতে হবে। পরে এঁদের উচ্ছেদে সমস্যায় পড়তে হবে।’মহেশখালী বন বিভাগ সূত্র জানায়, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর সংরক্ষিত বনভূমি আছে। কিন্তু বনভূমি পাহারার জন্য পর্যাপ্ত লোকবল নেই। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘অন্তত ১০ হাজার একর সংরক্ষিত পাহাড়ি বনভূমির ওপর প্রায় ৩৫ হাজার লোক অবৈধভাবে বসবাস করছে।এর মধ্যে শাপলাপুর ও ছোট মহেশখালী এলাকায় পাহাড়ে বসবাসরত অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।পানের বরজের জন্যও বিচ্ছিন্নভাবে পাহাড় কাটার কথা স্বীকার করে তিনি বলেন, পাহাড় কাটা প্রতিরোধসহ বনভূমির দখল ঠেকাতে বনকর্মীরা চেষ্টা করছেন।সংরক্ষিত বনভূমি দখলের কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, স্থানীয় লোকজন পাহাড় কেটে অবৈধভাবে বসতি ও পানের বরজ স্থাপন করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।