সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূলীয় উপজেলা পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতবাড়ি তৈরির হিড়িক পড়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ৩০০ ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস হচ্ছে। কতিপয় বন-কর্মচারী অবৈধ সুবিধা নিয়ে বনাঞ্চল দখলের সুযোগ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তবে স্থানীয় বারবাকিয়া বনরেঞ্জ কর্মকর্তা জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন সময় অভিযান চালিয়ে বনাঞ্চলের ভেতর থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়। এখন যারা বসতি করছেন, তাদেরও উচ্ছেদ করা হবে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার টৈটং বিটের অধীনে সংরক্ষিত বনাঞ্চল দখল করে ইতিমধ্যে বসতবাড়ি তৈরি করেন স্থানীয় এনামুল হক, আব্দুল জলিল, হাবিবুল্লাহ, আমির হোছেন, আব্দুল খালেক, নুরুল কবির, কামাল উদ্দিন, নুরুল হোছাইন, শোয়াইব, হোসনে আরা, করম আলী, আব্দুস সালামসহ অনেকে। পার্শ্ববর্তী রাজাখালী, মগনামা, উজানটিয়াসহ বিভিন্ন বনাঞ্চলেও অসংখ্য ঘরবাড়ি তৈরি করে এলাকার চিহ্নিত ডাকাত, বিভিন্ন মামলার পলাতক আসামী, দাগি সন্ত্রাসীসহ বিভিন্ন লোকজন সপরিবারে বসতি করছেন। এ ছাড়াও উপজেলার আরগিলার দাঁরা, লম্বা শিরা, বড় ছড়া, ছনখোলারজুম, সংগ্রামের জুম, আবাদিঘোনা, টৈটং, বটতলী, খুইন্যাভিটা, ডাইনেরছড়া, মধুখালী, বনকানন, পুঁইছড়িরটিলা, বড়জিরিসহ বিভিন্ন এলাকায় আরও অন্তত এক হাজার বসতবাড়ি তৈরি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দখলদার জানান, সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও কর্মচারীদের ৩০ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ দিয়ে সংরক্ষিত বনের জমিতে তারা ঘরবাড়ি তৈরি করেন। এ পর্যন্ত এক হাজার ২৭৫টি বসতবাড়ি তৈরি করে কয়েক হাজার মানুষ সপরিবারে বসতি করছেন। ২২ জানুয়ারি পর্যন্ত তাদের উচ্ছেদের জন্য কেউ নোটিশও দেননি। দখলদারেরা অভিযোগ করেন, বারবাকিয়া বনবিটের বনমালি সোহাগের মাধ্যমে দখলের টাকা সংগ্রহ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই প্রসঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বন মালি সোহাগের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে বারবাকিয়া বনবিট কর্মকর্তা আবু কাউসার জানান, সংরক্ষিত বন ভূমিতে বসতি স্থাপন অবৈধ। তারপরও অনেকে ঘরবাড়ি তৈরি করে বসতি করছেন। সহসা এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দখলদার পক্ষ থেকে অবৈধ সুবিধা আদায়ের প্রশ্নই আসেনা। আমার কোনো কর্মচারী উৎকোচ বাণিজ্যে জড়িত নেই। বারবাকিয়া বনরেঞ্জ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বিভিন্ন সময় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে আবার দখল হয়ে যায়। জনবল সংকটের কারণে এসব তদারকি করাও যাচ্ছে না। সহসা অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হবে।