সংরক্ষিত বনে আগুন, দর্শক বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিজক সংরক্ষিত বনে আগুনে পুড়ে যাওয়া শতবর্ষী গাছ l প্রথম আলো
শিজক সংরক্ষিত বনে আগুনে পুড়ে যাওয়া শতবর্ষী গাছ l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের প্রায় তিন লাখ একর সংরক্ষিত বনভূমির ওপর কার্যত নিয়ন্ত্রণ নেই বন বিভাগের। এর ফলে বনদস্যুদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে এখানকার বনাঞ্চল। সংরক্ষিত বন থেকে গাছ পাচার ও বন্য প্রাণী নিধনের পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছে বনে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে বনের শতবর্ষী গাছ পুড়ে গেলেও কীভাবে আগুন লাগছে, তা জানে না বন বিভাগ।
সম্প্রতি সাজেকের বিভিন্ন বনে ঘুরে শতবর্ষী পোড়া গাছ দেখা গেছে। মধু সংগ্রহ করতে আসা মৌয়ালেরা এবং বনাঞ্চলের আশপাশের বাসিন্দারাও বনে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে প্রথম আলোকে জানান। সংরক্ষিত বনে নিয়মিত যাতায়াত করেন, এমন লোকজন জানান, বনদস্যুরা পরিকল্পিতভাবে আগুন লাগাচ্ছে বনে। এ ছাড়া জুম খেতে জঙ্গল পরিষ্কারের জন্য লাগানো আগুন থেকেও বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান অনেকে।
সরেজমিনে দেখা গেছে, শিজক সংরক্ষিত বনের শিজকছড়া এলাকায় আগুনে ১০ থেকে ১৫টি শতবর্ষী গাছ ইতিমধ্যে মরে গেছে। মরে যাওয়া গাছগুলো এক-তৃতীয়াংশ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এ ছাড়া শিজকছড়ার আশপাশে শতাধিক গাছও আগুনের আঁচে ঝলসে গেছে। এসব গাছ ১০০ থেকে ২০০ বছর বয়সী বলে জানান মৌয়াল মাওচিদং চাকমা। তিনি আরও জানান, বনের ভেতরে কয়েক শ শিকারির তৎপর রয়েছেন। বন্য প্রাণীদের তাড়া করতে তাঁরা বনে আগুন দিয়েছেন বলে তিনি জানান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে উত্তর বন বিভাগের আওতায় বাঘাইছড়ি উপজেলায় ৩ লাখ ৯৩ একর হাজার ৮৪০ একর সংরক্ষিত বন রয়েছে। এর মধ্যে শুধু সাজেক ইউনিয়নে লক্ষ্মীছড়ি, মাচালং ও শিজক রেঞ্জে বনভূমির পরিমাণ প্রায় তিন লাখ একর। এই তিন রেঞ্জের প্রতিটিতে একজন রেঞ্জ কর্মকর্তা, একজন বিট কর্মকর্তা, ৩৬ জন বনপ্রহরী ও ৩৬ জন গার্ড থাকার কথা। তবে তিনটি রেঞ্জের মধ্যে মাচালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার পদ শূন্য। তিনটি রেঞ্জের কোনোটিতেই বিট কর্মকর্তা নেই। এ ছাড়া প্রতিটি রেঞ্জে ৩৬ জন বনপ্রহরীর স্থলে সাতজন আর ৩৬ জন গার্ডের মধ্যে আছেন মাত্র পাঁচজন করে। লোকবলের অভাবে সংরক্ষিত বনের বিশাল এলাকা উজাড় হয়ে যাচ্ছে। বনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণেও কোনো পদক্ষেপ চোখে পড়েনি বন বিভাগের।
এ ব্যাপারে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান মিয়াজী বলেন, ‘নিরাপত্তা ও জনবল–সংকটের কারণে আমরা গভীর বনে যেতে পারি না। এ কারণে বনে আগুন ধরলেও নেভানো সম্ভব হয়নি। তিন লাখ একরের সংরক্ষিত বনে লাখ লাখ শতবর্ষী গাছ রয়েছে। যে এলাকায় আগুনে শতবর্ষী গাছ মরে যাচ্ছে, সেখানে যাওয়া আমাদের জন্য নিরাপদ নয়। যাতায়াতের রাস্তা না থাকায় গাছগুলো আনাও সম্ভব নয়।’
সাজেক এলাকার বনজীবীরা জানান, সাজেক ইউনিয়নের মাচালং-কাচালং ও বাঘাইছড়ি ইউনিয়নে শিজক নদীর দুই পাড়জুড়ে রয়েছে সংরক্ষিত বন। এসব এলাকায় বাঘ, ভালুক, হরিণ, বনছাগল, গয়াল, হাতিসহ নানা ধরনের বন্য প্রাণী অবাধে বিচরণ করে। অব্যাহতভাবে বনে আগুন লাগায় এসব বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এ ছাড়া বনে ঢুকে শত শত শিকারি বন্দুক দিয়ে ও ফাঁদ পেতে বন্য প্রাণী হত্যা করছে বলে অভিযোগ করেন তাঁরা।
শিজক সংরক্ষিত বনের পাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, একটি সংঘবদ্ধ চক্র প্রতিবছর এপ্রিল মাসের শুরুতে সংরক্ষিত বনে আগুন ধরিয়ে দেয়। এ আগুন বনে চারদিকে ছড়িয়ে পড়লে শতবর্ষী হাজার হাজার গাছে মড়ক ধরে। এসব গাছের মধ্যে রয়েছে গর্জন, চাঁপালিশ, মেহগনি, সেগুনসহ নানা প্রজাতির গাছ। এর মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার গাছ মরে গেছে বলে জানা গেছে।
স্থানীয় মৌয়াল কালাধন চাকমা বলেন, ‘এ বছর সংরক্ষিত বনে আগুন লেগে অনেক গাছ মরে গেছে। গাছ মরে যাওয়ায় এ বছর মৌচাকও হয়নি। না হলে আমরা বন থেকে প্রতিবছর ৩০ থেকে ৩৫ মণ মধু সংগ্রহ করে থাকি কিন্তু এ বছর কোনো মধু সংগ্রহ করতে পারিনি।’ লক্ষ্মীছড়ি বনের ভেতরে অবস্থিত থলছড়া গ্রামের বাসিন্দা ইন্দু বিকাশ চাকমা বলেন, জুম খেত ও অবৈধ শিকারিদের দেওয়া আগুন থেকে সংরক্ষিত বনে আগুন ধরে যায়। আগুন লাগলে নেভানোর কোনো সুযোগ থাকে না। হাজার হাজার গাছ মরে যায়। শতবর্ষী গাছগুলো কিছু আগুনের তাপে মরে যাচ্ছে। শুধু লক্ষ্মীছড়ির বনে ৫০ হাজারের বেশি শতবর্ষী গাছ রয়েছে।
সাজেকের কংলাক মৌজার প্রধান সুমিংথাং পাংখোয়া বলেন, শুধু সাজেকের তিন লাখ একর সংরক্ষিত বনে প্রাকৃতিকভাবে গর্জন, চাঁপালিশ, মেহগনিসহ কয়েক শ প্রজাতির গাছ জন্মায়। অবস্থানগত কারণে এখানকার বনাঞ্চল যুগ যুগ ধরে বন বিভাগের নিয়ন্ত্রণে বাইরে থেকে গেছে। সম্প্রতি কিছু দুষ্কৃতকারী বনে প্রবেশ করে আগুন ধরিয়ে দিচ্ছে। এতে শতবর্ষী হাজার হাজার গাছ মরে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে বনের কয়েক লাখ গাছ আগুনে মরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলা চাকমা বলেন, ‘বন রক্ষার্থে এ বছর থেকে বনে জুমচাষ বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে গভীর বন থেকে কয়েক শ পরিবার সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবছর দুর্বৃত্তরা বনে আগুন ধরিয়ে দিচ্ছে। মরে যাচ্ছে হাজারো গাছ। দুর্বৃত্তদের চিহ্নিত করার কাজ চলছে। তবে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বন রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না।’