সংরক্ষিত বনে ছয় মাসে শতাধিক বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার খুটাখালীর দরগাপাড়ার সংরক্ষিত বন দখল করে গড়ে তোলা হয়েছে বসতভিটা lপ্রথম আলো
চকরিয়ার খুটাখালীর দরগাপাড়ার সংরক্ষিত বন দখল করে গড়ে তোলা হয়েছে বসতভিটা lপ্রথম আলো

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বনে নতুন ঘর তৈরির হিড়িক পড়েছে। গত ছয় মাসে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শতাধিক ঘর। এ নিয়ে নীরব বন বিভাগের কর্মকর্তারা।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বন বিটের আওতাধীন থমতলা, দরগাপাড়া, পূর্ব পাড়া, পূর্ব নয়াপাড়া ও জৈন্নাকাটা এলাকায় এসব ঘর গড়ে তোলা হয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, থমতলা এলাকায় টিনের ছাউনি ও বেড়া দিয়ে ১৬টি নতুন ঘর তৈরি করা হয়েছে। পাশের দরগাপাড়ায়ও একটি পাকা দালানসহ অন্তত ৩৫ টি বসতঘর গড়ে উঠেছে। এ ছাড়া পূর্ব পাড়ায় ২৫টি, পূর্ব নয়াপাড়ায় ৩০টি ও জৈন্নাকাটায় ২০টি নতুন বসতঘর দেখা যায়। এসব এলাকাকে সংরক্ষিত বন বলে বোঝার কোনো উপায় নেই। যেন একেকটি লোকালয়। এই পাঁচ এলাকায় গত দুই বছরে অন্তত তিন শতাধিক বসতঘর গড়ে উঠেছে বলে স্থানীয় লোকজন জানান।

দরগাপাড়ায় পাহাড়ে ঘর তৈরি করে বসবাসকারী মো. কাউছার জানান, তাঁর বাড়ি ঈদগাঁও এলাকায়। চার মাস আগে ৮০ হাজার টাকা দিয়ে ১০ কড়া জায়গা কিনে দরগাপাড়ার পাহাড়ি জায়গায় বসতি গড়ে তোলেন। তবে তিনি কার কাছ থেকে জায়গা কিনেছেন, তাঁর নাম প্রকাশে অস্বীকৃতি জানান।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপে জানা যায়, স্থানীয় একটি চক্র বন বিভাগের জায়গা দখল করে তা প্লট আকারে বিক্রি করছে। কুতুবদিয়া, ঈদগাঁও, বদরখালী ও মহেশখালী এলাকার বাসিন্দারা এসব প্লট কিনে সেখানে ঘরবাড়ি নির্মাণ করছেন।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, সংরক্ষিত বনে আগের তুলনায় অবৈধ বসতি অনেক বেড়েছে। এখন বনভূমি দখল করে প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। কারা বিক্রি করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সবাই জানেন।’ তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।

জানতে চাইলে ফুলছড়ি বন বিট কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘আমি যোগদানের পর থেকে সংরক্ষিত বনে অন্তত ৪০-৫০ বার অভিযান চালিয়েছি। সঙ্গে সঙ্গে আই​িন ব্যবস্থাও নিয়েছি। গত সপ্তাহেও থমতলা এলাকা থেকে একটি নতুন ঘর ভেঙে দেওয়া হয়েছে।’ প্লট বিক্রি বা বনভূমি দখলে কর্মকর্তারা সব সময় সজাগ রয়েছেন বলেও দাবি করেন বন বিট কর্মকর্তা।