সংরক্ষিত বনে নয় হাজার পানের বরজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সংরক্ষিত বন দখল করে পানের বরজ স্থাপনের হিড়িক পড়েছে। কৃষি বিভাগের করা জরিপে দেখা গেছে, সংরক্ষিত বন দখল করে গড়ে উঠেছে প্রায় নয় হাজার পানের বরজ। এদিকে পানের বরজ স্থাপনের জন্য কাটা হচ্ছে পাহাড়। কিন্তু বন বিভাগ কিছুই করতে পারছে না। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে এবার এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে সংরক্ষিত বন এক হাজার ৩৫০ হেক্টর। প্রতি হেক্টর জমিতে আটটি পানের বরজ করা যায়। এ প্রসঙ্গে কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষক ফিরোজ আহমেদ বলেন, ‘আমাদের করা জরিপে দেখা গেছে, সংরক্ষিত বনভূমি ও পাহাড়ে প্রায় নয় হাজার পানের বরজ রয়েছে। অনেকে বছরের পর বছর সংরক্ষিত বনে পান চাষ করে আসছেন। তবে বিষয়টি বন বিভাগকে দেখতে হবে। আমাদের কিছুই করার নেই।’বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালের পর থেকে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনের ভেতরে ও পাহাড়ের ঢালুতে পানের বরজ স্থাপন করে আসছে স্থানীয় লোকজন। প্রতিবছর কোনো না কোনো পাহাড়ে কিংবা সংরক্ষিত বনে পানের বরজ স্থাপন করা হচ্ছে। বরজ স্থাপন করতে গিয়ে কাটছে বনের গাছ ও পাহাড়। এতে পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে।সুখী বাংলা ফাউন্ডেশনের মহেশখালী উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম বলেন, পাহাড় কেটে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার পানের বরজ গড়ে উঠেছে। বরজ স্থাপন ও মাটি দেওয়ার জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।গত বৃহস্পতিবার দেখা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে সংরক্ষিত বন দখল করে পানের বরজ তৈরি করা হচ্ছে। তাঁদের সবাই স্থানীয় চাষি। তবে বেশি পানের বরজ দেখা গেছে শাপলাপুর ইউনিয়নে।শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন, এখানকার বেশির ভাগ চাষি যুগ যুগ ধরে সংরক্ষিত বনে পান চাষ করে আসছে। পান চাষ করে তারা জীবিকা নির্বাহ করে। এ মুহূর্তে তাদের উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে?হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা আমির হামজা ও নুরুল আনোয়ার বলেন, অনেক দিন ধরেই স্থানীয় লোকজন সংরক্ষিত বনের ভেতরে ও পাহাড়ের ঢালুতে পানের বরজ স্থাপন করছে। এটা এখানকার জন্য নতুন কিছু নয়। কিন্তু বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না। কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার বাসিন্দা জয়নাল আবেদীন ও রফিক উদ্দিনও একই কথা বলেন।এ প্রসঙ্গে জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, মহেশখালীতে ১৮ হাজার ২৮৬ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এর মধ্যে ১০ হাজার একরের সংরক্ষিত পাহাড়ি বনভূমি অবৈধ দখলে রয়েছে। এসব বনভূমির গাছ ও পাহাড় কেটে স্থানীয় লোকজন পানের বরজ স্থাপন করে। আবার পানের বরজে মাটি দেওয়ার জন্য বিচ্ছিন্নভাবে পাহাড়ও কাটা হচ্ছে। তবে জনবল না থাকায় এসব অবৈধ পানের বরজ উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।