সংরক্ষিত বনে বনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পোমরা বাইশজুম এলাকায় সংরক্ষিত বনের ভেতর গড়ে তোলা হচ্ছে ইটভাটা। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের ব্যক্তিগত সহকারী (পিএ) এমরুল করিম ওরফে রাশেদ ও স্থানীয় তিন ব্যক্তি এ ইটভাটার মালিক। দুই মাস ধরে চলছে ভাটার নির্মাণকাজ। এদিকে সংরক্ষিত বনে ইটভাটার নির্মাণকাজ বন্ধে বন বিভাগ নোটিশ দিলে উল্টো তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পোমরা বনবিট সূত্র জানায়, মন্ত্রীর পিএ এমরুল করিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ছৈয়দ, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহেদ ও পারভেজ, রাঙামাটি পার্বত্য জেলা জুম নিয়ন্ত্রণ বিভাগের খাসখালী রেঞ্জের পোমরা বনবিটের সংরক্ষিত বনের ভেতর এই ইটভাটা গড়ে তুলছেন। গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইটভাটায় ট্রাক ও জিপ চলাচলের জন্য খননযন্ত্র (স্কেবেটার) দিয়ে পাহাড় কেটে তৈরি করা হয় পথ। এ ছাড়া পাহাড় কেটে সমতল করা হয় প্রায় ২৫ একর জমি। এখন সেখানে চলছে ইটভাটা নির্মাণের কাজ। সরেজমিনে দেখা যায়, শতাধিক শ্রমিক মাটি ভিজিয়ে কাঁচা ইট তৈরি করছেন। ইট পোড়ানোর জন্য চলছে চুলা তৈরির কাজ। সেখানে নিয়োজিত শ্রমিক কবির হোসেন জানান, ঠিকমতো কাজ হলে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ইট পোড়ানোর কাজ শুরু করা সম্ভব হবে। ইটভাটা তৈরির ব্যাপারে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রীর পিএ এমরুল করিম ইটভাটায় মালিকানা থাকার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে দল ক্ষমতায় থাকা অবস্থায় দলের ছেলেরা ব্যবসাবাণিজ্য করবে এটাই স্বাভাবিক।’ এদিকে এমরুল, জাহেদ ও পারভেজসহ যৌথভাবে ইটভাটা গড়ে তোলার কথা স্বীকার করেন অপর মালিক মোহাম্মদ ছৈয়দ। তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ায় শতাধিক ইটভাটা রয়েছে। সব তো বনের ভেতর। অন্য ইটভাটা যেভাবে হয়েছে আমাদেরটাও সেভাবে হচ্ছে।’ পোমরা বনবিট কর্মকর্তা রণজিৎ কান্তি ভট্টাচার্য বলেন, ‘সংরক্ষিত বনের পাঁচ কিলোমিটারের মধ্যে ইটভাটা তৈরির ওপর বিধিনিষেধ রয়েছে। যা উপেক্ষা করে বনের ভেতর পাহাড় কেটে ইটভাটা গড়ে তোলা হচ্ছে। ইটভাটা না করার জন্য মৌখিকভাবে বহুবার অনুরোধ করা হয়েছে। অমান্য করায় লিখিতভাবে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এমরুল করিম উল্টো চাকরিচ্যুত করার হুমকি দেন। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে।’ এ প্রসঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা জুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল আউয়াল সরকার বলেন, ইটভাটার নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।