সংরক্ষিত বনে ২৪ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ করাতকল গিলে খাচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত পাহাড়ি বন। ছয় মাস আগে প্রশাসন সংরক্ষিত বনের ভেতরের নয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করে। কিন্তু মাস না যেতেই সেগুলো আবার স্থাপন করা হয়েছে। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়িতে সংরক্ষিত বনে ২৪টি করাতকল রয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব করাতকলের মালিক। করাতকলে স্থানীয় লোকজনের বসতভিটার গাছ চেরাই করার পাশাপাশি সরকারি পাহাড়ের সেগুন, আকাশমনি, গর্জনগাছ চেরাই করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর এলাকায় পাহাড়ি বনের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে করাতকলগুলো। অথচ বন সংরক্ষণ আইন অনুযায়ী, সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা নিষিদ্ধ। আবার এসব করাতকল ঘিরে গড়ে উঠছে ছোটবড় শতাধিক আসবাবপত্রের দোকানও।হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়ার বাসিন্দা আবদুর রশিদ, নুরুল আনোয়ার ও কলিম উল্লাহ জানান, পাহাড় থেকে গাছ কেটে বনদস্যুরা করাতকলে চেরাই করে। এ কারণে দিন দিন সংরক্ষিত বন উজাড় হচ্ছে।জানা গছে, চলতি বছরের ৩০ জানুয়ারি, ৭ এপ্রিল ও ১২ মে তিন দফায় প্রশাসনের সহযোগিতায় বনকর্মীরা অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারের নুরুল হক, কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মোছাদ্দেক আলী, কালারমারছড়া বাজার এলাকার লিয়াকত আলী ও লেদু মিয়া, নোনাছড়ি এলাকার আবদুল সালাম ও লিয়াকত আলী, মহেশখালী পৌর এলাকার বানিয়ার দোকানের উত্তর পাশে আবু তাহের ও খোরশেদ আলম, পৌর এলাকার শাপলাপুর সড়কের পূর্ব পাশে মফিজুর রহমানের মালিকানাধীন নয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করে। মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত নয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। কিন্তু পরে মাস না যেতেই, এলাকার প্রভাবশালী লোকজনের ছত্রছায়ায় উচ্ছেদকৃত অবৈধ করাতকলগুলো ফের বসানো হয়েছে।বজলুর রহমান আরও বলেন, করাতকল উচ্ছেদের জন্য আলাদা কোনো বাজেট নেই। এ কারণে উচ্ছেদ অভিযান অনেকটা ব্যাহত হচ্ছে। তার পরও অবৈধ করাতকল ঊচ্ছেদে অভিযান চালানো হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, বনদস্যুরা সংরক্ষিত বনের গাছ কেটে করাতকলে চেরাই করছে। এতে অবাধে বনের গাছ কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।