সংরক্ষিত বনে ৪০০ অবৈধ ঘরবাড়ি ৮০০ একর বনভূমি বেদখল
লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জের আওতাধীন ডলুবিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৮০০ একর ভূমি বেদখল হয়ে গেছে। চার শতাধিক ব্যক্তি এসব ভূমি দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। এঁদের অনেকেই কয়েকজন বন কর্মচারীর যোগসাজশে বাইরের কাঠ ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে পাচার করছেন বনের কাঠ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বনবিটে প্রয়োজনীয় লোকবল ও অস্ত্র না থাকায় যথাযথভাবে বন পাহারা দেওয়া কিংবা পাচারকারীদের ধরা সম্ভব হয় না। এ ছাড়া কর্মকর্তাদের আবাসন-সংকটও রয়েছে বলে তাঁরা জানান। অনুসন্ধানে জানা যায়, ডলুবিটের আওতাধীন চান্দা, নারিশ্চা, ফারেঙ্গা, সরইয়া—এই চার মৌজায় তিন হাজার ৯৯৮ একর বনভূমি রয়েছে। এসব বনভূমি থেকে অবৈধ দখলদারেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিদিন রাতের আঁধারে ট্রাক ও পিক-আপ ভ্যানে করে পাচার করছে বনের গাছ। বর্তমানে পাহাড়ি বনাঞ্চলের বড় অংশই ন্যাড়া হয়ে গেছে। বন কর্মকর্তা-কর্মচারীরা টাকার বিনিময়ে অবৈধ দখলদার ও কাঠ পাচারকারীদের প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান বলেন, ‘পাহাড়গুলোতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছ ও বনভূমি উজাড় হওয়ায় হাতিসহ অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।’বনবিট সূত্রে জানা যায়, সরইয়া মৌজায় রাজা মিয়া, ইলিয়াছ, জহির উদ্দীন, আবদুর রহমান; নারিশ্চার আহমদ কবির, আবদুল আলম, কবির আহমদ; চান্দায় নুরুল ইসলাম, বদিউর রহমান, মো. মুজিব, হাসান; ফারাঙ্গায় সালেহ আহমদ, আবদুর রহমান, মো. পেটান, মো. জকরিয়া, ইসহাক মিয়াসহ অনেকেই সংরক্ষিত বনভূমি দখল করে রেখেছেন। নারিশ্চা মৌজার ১০ একর ভূমি দখল রাখার কথা স্বীকার করে আহমদ কবির বলেন, ‘জায়গাগুলো খালি থাকায় আমরা ১০ বছর আগে তা দখল করে গাছ লাগিয়েছি। ওই সময় তৎকালীন বিট কর্মকর্তাকে ১০ হাজার টাকা দিয়েছি।’ সংরক্ষিত বনে বসবাসরত বৃদ্ধা আমিনা বেগম (৭০) জানান, ভিটেবাড়ি না থাকায় ১০-১২ বছর আগে এখানে এসে ঘর তৈরি করে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বসবাস করছেন। এ ব্যাপারে তাঁদের কাছে কোনো দলিলপত্র নেই বলে স্বীকার করেন তিনি। পদুয়া রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শোয়েব খান বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চলে। কাঠ পাচারকারীদেরকেও ছাড় দেওয়া হয় না।’ তিনি জানান, অবৈধ দখলদারদের কাছ থেকে কারও অর্থ লেনদেনের কথা তিনি জানেন না।ডলুবিট কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ বিটে বর্তমানে জনবল, আগ্নেয়াস্ত্র ও আবাসন-সংকট রয়েছে। ফলে কাঠ পাচারকারী কিংবা অবৈধ দখলদারদের বিরুদ্ধে সময় মতো অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।’ তিনি জানান, অভিযান পরিচালনার জন্য ছয়টি আগ্নেয়াস্ত্র থাকার কথা কিন্তু বর্তমানে একটিও নেই। আটজন প্রহরীর মধ্যে রয়েছেন চারজন। এঁদের মধ্যে দুজন অসুস্থ। বন বিভাগ সূত্র জানায়, পদুয়া রেঞ্জ ও ডলুবিট কর্মকর্তারা চলতি বছর বিভিন্ন জাতের ৫০০ ঘনফুট কাঠ এবং কাঠ পাচারে ব্যবহূত তিনটি গাড়ি জব্দ করেছেন। এ ব্যাপারে ২১ জনকে আসামি করে ১৫টি মামলা করা হয়েছে।