সংরক্ষিত বনের অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল দখল করে গড়ে ওঠা প্রায় পাঁচ হাজার অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে বন 
বিভাগের উদ্যোগ নেই। বনাঞ্চলের গাছ কেটে এসব বসতি স্থাপন করায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।
গত মঙ্গলবার উখিয়া কলেজের উত্তর ও দক্ষিণ পাশের বনাঞ্চলে গিয়ে দেখা গেছে, পাহাড়চূড়া ও ঢালে গড়ে উঠেছে
অসংখ্য বসতবাড়ি। সামাজিক বনায়নের গাছ কেটে এসব ঘর তৈরি করা হয়েছে। প্রতি ঘরে বসবাস করছেন পাঁচ থেকে
আটজন করে মানুষ। এসব ঘরবাড়ির আশপাশেও গাছ কেটে ন্যাড়া করে ফেলা হয়েছে পাহাড়।
সংরক্ষিত বনের ভেতরে ঘরবাড়ি তৈরির কারণ জানতে চাইলে স্থানীয় টিঅ্যান্ডটিপাড়ার আবুল কালাম (৪৫) বলেন, ‘এক
বছর ধরে আমরা এখানে ঘর তৈরি করে বসতি করছি। এ পর্যন্ত কেউ নিষেধ করেনি। তবে বনের পাহারাদারেরা মাঝেমধ্যে
উচ্ছেদের কথা বলে চাঁদা নিয়ে যায়।’
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, উপজেলায় আটটি বন বিটের আওতায় প্রায় ২১ হাজার ৪০০ একর
বনাঞ্চল রয়েছে। এসব বনাঞ্চলের বিভিন্ন স্থান দখল করে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার অবৈধ ঘরবাড়ি তৈরি করে ৩০ হাজার
মানুষ বসবাস করছে। এসব দখলদারের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার উখিয়া সদর, টিঅ্যান্ডিটিপাড়া, গুচ্ছগ্রাম, থায়ংখালী, ভালুকিয়া, দৌছড়ি, ওয়ালাপালং,
উখিয়াঘাট, তুতুরবিল ও হলদিয়াপালং বনাঞ্চলেও অসংখ্য ঘর তৈরি করা হয়েছে।
পরিকল্পিত উখিয়া চাই সংগঠনের আহ্বায়ক নুর মোহাম্মদ সিকদার বলেন, প্রতিদিন বনাঞ্চল দখল করে অসংখ্য ঘরবাড়ি
তৈরি করা হলেও বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। নির্বিচারে পাহাড়ের গাছ কেটে ফেলায় পরিবেশ নষ্টের পাশাপাশি
জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।
উখিয়া সদর বিট কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ২১ হাজার একর বনাঞ্চল পাহারার দায়িত্ব পালন করছেন মাত্র ২১ জন
বনকর্মী। বৈধ অস্ত্র থাকলেও তা ব্যবহারের অনুমতি নেই। ফলে বেহাত হয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ। অথচ এসব বনবিটের
আওতায় ১৩০ জন বনকর্মীর পদ রয়েছে।
ইনানী বনরক্ষা সহায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, সনাতনী বন আইন দিয়ে বনসম্পদ রক্ষা
সম্ভব নয়। অবৈধ বসতবাড়ি উচ্ছেদে বিজিবি, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান দরকার।
কক্সবাজার (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা অবৈধ
বসতবাড়ির তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে।