সংরক্ষিত বনের অর্ধেক জায়গাই দখল!
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বন বিটের সাড়ে পাঁচ হাজার একর আয়তনের সংরক্ষিত বনাঞ্চলের প্রায় অর্ধেক জায়গাই দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়া বনভূমিতে বসবাস করছে দেড় হাজার পরিবার। কিছু দখলদারের বিরুদ্ধে বন আইনে মামলা হলেও বড় ধরনের কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি বন বিভাগ।
ডলু বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ বিটের আওতাধীন চান্দা, নারিশ্চা, ফারেঙ্গা ও সরইয়া—এই চার মৌজায় প্রায় সাড়ে পাঁচ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে দখল হয়ে গেছে আড়াই হাজার একর বনভূমি।
ডলু বন বিটের বিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, ৩০-৪০ বছর আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের অনেকে বনের জায়গা দখল করেছেন। কিছু অবৈধ দখলদারের বিরুদ্ধে বন আইনে মামলা করা হলেও অধিকাংশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। সংরক্ষিত বনাঞ্চলে যাতে কেউ নতুনভাবে ঘর তুলতে না পারে, সে ব্যাপারে সজাগ রয়েছে বন বিভাগ।
অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর বলেন, এ বিটে বর্তমানে জনবল, আগ্নেয়াস্ত্র ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের সংকট রয়েছে। অভিযান পরিচালনার জন্য ছয়টি আগ্নেয়াস্ত্র থাকার কথা থাকলেও বর্তমানে একটিও নেই। আটজন প্রহরীর মধ্যে রয়েছেন মাত্র তিনজন। সম্প্রতি সাত অবৈধ দখলদারের বিরুদ্ধে একটি বন মামলাও করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, বন বিভাগের কর্মকর্মাদের উদাসীনতার কারণেই বনের জায়গা দখল হচ্ছে। এ ব্যাপারে পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান সিকদার বলেন, বন কর্মকর্তারা দায়িত্ব পালন না করায় অবৈধ দখলদার ও কাঠ পাচারকারীরা প্রশ্রয় পেয়েছে। একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার কারণেই সংরক্ষিত বনাঞ্চল বেদখল হচ্ছে।
অবৈধ বসতির কারণে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মানিক বলেন, বনভূমি দখল ও উজাড় হওয়ার কারণে হাতিসহ নানা প্রাণী হুমকির মুখে পড়ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
সংরক্ষিত বনের অনেক বাসিন্দা দখলদারদের কাছ থেকে জায়গা কিনে বসবাস করছেন। এঁদের একজন মো. আলমগীর। তিনি জানান, ১০-১২ বছর আগে এক দখলদারের কাছ থেকে জায়গাটি ৩০ হাজার টাকা দিয়ে কিনেছেন। তবে জায়গার কোনো দলিলপত্র নেই তাঁর কাছে।
পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চলে। কাঠ পাচারকারীদেরও ছাড় দেওয়া হয় না। কেউ সংরক্ষিত বনাঞ্চলে ঘর তুললে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতেও অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে।