সংরক্ষিত বনের কাঠে তৈরি হচ্ছে আসবাবপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর বিভিন্ন স্থানে বন বিভাগের অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়াই গড়ে উঠেছে ৭১টি আসবাবপত্র তৈরির কারখানা। অভিযোগ রয়েছে, এসব কারখানায় সংরক্ষিত বনের কাঠ দিয়ে তৈরি হচ্ছে আসবাবপত্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বড় মহেশখালী বাজারে পাশাপাশি রয়েছে আটটি কারখানা। প্রতিটি কারখানার সামনেই স্তূপ করে রাখা হয়েছে সেগুন, আকাশমণি ও গর্জনগাছের চেরাই করা কাঠ। শ্রমিকেরা ব্যস্ত আসবাবপত্র তৈরির কাজে। একই অবস্থা দেখা যায় অন্য স্থানের কারখানাগুলোতেও। এর মধ্যে হোয়ানকে ১০, কালারমারছড়ায় ১২, শাপলাপুরে ১৩, ছোট মহেশখালীতে ১২, কুতুবজোম ও মাতারবাড়িতে আটটি করে কারখানা গড়ে উঠেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, মহেশখালীতে গড়ে ওঠা কোনো কারাখানাই বন বিভাগের অনুমতিপত্র নেয়নি। এসব কারখানায় স্থানীয় লোকজনের বসতভিটার গাছের পাশাপাশি সংরক্ষিত বনের গাছ কেটে তা চেরাই করে আসবাবপত্র তৈরি করা হয়। বন বিভাগের অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়। তাঁরা আরও জানান, মহেশখালীর ১২ নম্বর পাহাড় মৌজায় প্রায় ১৮ হাজার একরের মধ্যে প্রায় ১০ হাজার একর বনভূমি অবৈধভাবে দখল করে আছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। বাকি আট হাজার একর জমিতে সংরক্ষিত বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। কিন্তু লোকবল–সংকটে বনদস্যু ও স্থানীয় লোকজনের কবল থেকে বন রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া মহেশখালী রেঞ্জের অধীনে পাঁচটি বিট কার্যালয়ে ৬০ জন লোকবল থাকার কথা থাকলেও আছে মাত্র ২৫ জন। এর মধ্যে বনপ্রহরী রয়েছে মাত্র পাঁচজন। এই সুযোগে উজাড় হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। এসব কাঠের ক্রেতা এই আসবাবপত্র তৈরির করাখানাগুলো।
শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ জানান, প্রথমে স্থানীয় লোকজন রাতে বনের গাছ কেটে তা করাতকলে চেরাই করে। পরে ওই কাঠ বিক্রি করে আসবাবপত্র তৈরির কারখানায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাতারবাড়ি ইউনিয়নের পুরানবাজারের আসবাবপত্র তৈরির কারখানার মালিক আকতার হোসেন বলেন, ‘বসতভিটার গাছ কিনে নিয়ে ফার্নিচার বানানো হচ্ছে, বনের গাছ দিয়ে নয়।’ বন বিভাগের অনুমতিপত্র নিয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি কেন কেউ-ই লাইসেন্স নেয়নি।’
বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) ২০১১ বিধিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া কাঠের ফার্নিচার তৈরি, বিক্রি বা ব্যবসা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। এতে কোনো ব্যক্তি ওই আইন অমান্য করলে বন আইনের ৪১ ও ৪২ ধারামতে, তাঁকে নিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে। অনাদায়ে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘বন রক্ষায় ২৩টি অবৈধ করাতকল উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফার্নিচার তৈরির কারখানা ও ব্যবসায়ীদের লাইসেন্স করার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে ৬০ কারখানা মালিককে। এর পরও সাড়া মিলছে না। শিগগির ফার্নিচার তৈরির অবৈধ কারখানা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।’