সংরক্ষিত বনের জায়গায় ঘরবাড়ি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী সড়কের মাথা এলাকায় সংরক্ষিত বনের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ওই বনভূমিতে অন্তত ১৫টি বসতঘর তৈরি করা হয়েছে। বনভূমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এসব বসতির আশপাশের বনের জায়গায় এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
স্থানীয় লোকজন জানিয়েছেন, অবৈধভাবে গড়ে তোলা বসতির আশপাশের অন্তত এক একর বনভূমি কৌশলে দখল করে ফেলেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন। বন কর্মকর্তারাও স্বীকার করছেন, দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত থাকায় তাঁরা চেষ্টা করেও দখল ঠেকাতে ব্যর্থ হচ্ছেন। অভিযানে গেলে দলের প্রভাব খাটিয়ে উল্টো বনকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তাঁরা জানান।
ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. আবদুল মোতালেব বলেন, দুই মাস আগে ছাইরাখালী এলাকার বনভূমিতে বসতি নির্মাণ শুরু হলে পুলিশের সহায়তায় বনকর্মীরা অভিযান চালিয়ে তা ভেঙে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তিনি বলেন, এ ঘটনায় ১২ জন দখলবাজের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান বলেন, বনভূমিতে অবৈধ দখল ঠেকাতে কয়েক দফা অভিযান চালানো হয়। এ সময় বনকর্মীরা দখলদারদের হামলার শিকার হন। দখলদারেরা ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করার পরও দখল ঠেকানো যাচ্ছে না। বনকর্মীরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে এখন অনেকটা নিশ্চুপ আছেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শাহ-ই-আলম বলেন, বন বিভাগের জায়গা দখলের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
এ ছাড়া এসব অবৈধ বসতি উচ্ছেদ করে বন বিভাগের জায়গা দখলমুক্ত করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে।